বুধবার ০৪ মার্চ ২০২৬

১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শ্যামনগরে প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন 

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

প্রকাশিত: ১৫:৪০, ৩ মার্চ ২০২৬

আপডেট: ১৫:৪১, ৩ মার্চ ২০২৬

শ্যামনগরে প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন 

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনিরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচি পালিত হয়। শ্যামনগর উপজেলা প্রেসক্লাব ও শ্যামনগর সাংবাদিক সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে প্রধান আসামিসহ অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। সংবাদ প্রকাশের জের ধরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুরের নেতৃত্বে এই হামলা চালানো হয়।


উপজেলা প্রেসক্লাবের সহযোগী সদস্য আব্দুল আহাদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু কওছার, সাংবাদিক আফজালুর রহমান, আবু সাঈদ, আনিসুর রহমান, আব্দুল কাদের, রণজিৎ বর্মন, হুসাইন বিন আফতাব, মিজানুর রহমান, মাহমুদুল ফিরোজ বাবুল, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী ইমন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ রুবেল প্রমুখ।


বক্তারা বলেন, পেশাজীবী সংগঠন উপজেলা প্রেসক্লাব ভবনে প্রকাশ্যে ঢুকে সভাপতির ওপর হামলার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। তারা অভিযোগ করেন, যুবদল সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুরের নেতৃত্বে সংঘটিত এ হামলা পূর্বপরিকল্পিত ছিল এবং ঘটনার আগে পুলিশকে অবহিত করা হলেও যথাসময়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে হামলাকারীরা নির্বিঘ্নে প্রেসক্লাব কার্যালয়ে প্রবেশ করে মারধরের ঘটনা ঘটাতে সক্ষম হয়।


বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি স্বাধীন সাংবাদিকতা চর্চাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা শ্যামনগর থানা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তাদের অভিযোগ, পূর্বে অবহিত করা সত্ত্বেও পুলিশ সময়মতো ঘটনাস্থলে উপস্থিত না হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ বিষয়ে প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিতেরও দাবি জানানো হয়। মানববন্ধন থেকে  সাংবাদিকরা ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেন, দ্রুত আসামিদের গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়া দৃশ্যমান না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
সোমবার (২ মার্চ) বেলা ১২টার দিকে শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি মিছিল প্রেসক্লাব চত্বরে এসে মানববন্ধন করে। একপর্যায়ে যুবদল সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুরের নেতৃত্বে ২৫/৩০জন নেতাকর্মী প্রেসক্লাব ভবনে ঢুকে সভাপতি মনিরের ওপর হামলা চালায় । আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: