পবিত্র মাহে রমজান উপলক্ষে সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোরের ইতিহাস ক্লাবের উদ্যোগে “ইফতার পার্টি, শেয়ার অ্যান্ড কেয়ার প্রোগ্রাম ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। বুধবার যশোরের জয়তী সোসাইটিতে এ আয়োজন করা হয়।
ইতিহাস ক্লাবের সভাপতি শিমন বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শাহ্জাহান কবীর।
ইফতার অনুষ্ঠান শেষে ক্লাবের সদস্যরা যশোর রেলস্টেশনে সন্ধ্যাকালীন চায়ের আড্ডা ও আইসক্রিম পার্টিতে অংশগ্রহণ করেন। পরে রেলস্টেশন এলাকায় অবস্থানরত অসহায় মানুষের মাঝে পরিচ্ছন্নতা সামগ্রী হিসেবে সাবান ও শুকনো খাবার বিতরণ করেন তারা।
ইফতার আয়োজনের সার্বিক সমন্বয় করেন ইতিহাস ক্লাবের সভাপতি শিমন বিশ্বাস। এ সময় ক্লাবের সাবেক সভাপতি মো. আল শাহারিয়া ইমন ফটোগ্রাফির মাধ্যমে অনুষ্ঠানে বিশেষ সহযোগিতা প্রদান করেন। ছুটিকালীন সময়েও যশোর ও পার্শ্ববর্তী জেলা-উপজেলা থেকে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকরা জানান, ছোট পরিসরে হলেও নিজেদের পাশাপাশি সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রতি যত্নশীল হওয়াই ইতিহাস ক্লাবের অন্যতম লক্ষ্য।
উল্লেখ্য, শিক্ষার্থীদের নিয়মিত একাডেমিক ও সহপাঠ্য জ্ঞানচর্চা, সেমিনার, কর্মশালা, প্রত্নতাত্ত্বিক ভ্রমণ, ক্যারিয়ার গাইডলাইন, প্রশিক্ষণ, বিতর্ক, নিসর্গভিত্তিক কার্যক্রমসহ বিভিন্ন সচেতনতামূলক উদ্যোগের পাশাপাশি মানবিক চেতনা, সামাজিক সৌহার্দ্য ও সহমর্মিতা জাগ্রত করতে ইতিহাস ক্লাব দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।
আয়োজকদের মতে, এ আয়োজন শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতার এক মানবিক উদাহরণ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।


























