নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকায় রুবেল শেখ নামে এক ভাঙারি ব্যবসায়ীর পুরুষাঙ্গ কাটার চেষ্টার অভিযোগ উঠেছে তার স্ত্রী আদরী বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় আহত রুবেলের পুরুষাঙ্গে আটটি সেলাই দিতে হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভার গোপীনাথপুর গ্রামে তার শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় অভিযুক্ত আদরী বেগমকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
ভুক্তভোগী রুবেল শেখ অভিযোগ করেন, দুই বছরের দাম্পত্য জীবনে পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো। মঙ্গলবার ভোরে শ্বশুরবাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় তার স্ত্রী আদরী বেগম ধারালো কাটার দিয়ে তার পুরুষাঙ্গ কাটার চেষ্টা করেন। তিনি চিৎকার করলে বাড়ির লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে তার ক্ষতস্থানে আটটি সেলাই দেওয়া হয়।
রুবেল শেখ জানান, এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন। অভিযুক্ত আদরী বেগম পুলিশ হেফাজতে থাকায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।


























