ব্রাহ্মণবাড়িয়া, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় নামিম খাঁ (১৯) ও নিরব খাঁ (১৮) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ শনিবার ভোর রাতে জেলার সদর উপজেলার রামরাইল বাজার এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মৃত নামিম খাঁ জেলা শহরের কান্দিপাড়া এলাকার লিটন খাঁর ছেলে এবং নিরব খাঁ একই এলাকার কিসমত খাঁর ছেলে। তারা দু’জন সম্পর্কে চাচাতো ভাই।
নিহতের স্বজনদের বরাত দিয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন বাসসকে জানান, আজ শনিবার ভোর রাতে সদর উপজেলার সুলতানপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নামিম ও নিরব। পথিমধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল বাজার এলাকায় অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নামিম ও নিরব মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়ে। এ সময় ঘটনাস্থলেই তাদের দু’জনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়া গাড়িটি শনাক্ত করা যায়নি। মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


























