রোববার ২৭ সেপ্টেম্বর ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযান,আটক অর্ধশতাধিক

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৮:৪৬, ২৬ সেপ্টেম্বর ২০২৬

জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযান,আটক অর্ধশতাধিক

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। আজ শনিবার বেলা তিনটা থেকে এ অভিযান শুরু হয়। ঘটনাস্থলে থাকা সাংবাদিক নেতাসহ অনেককে আটক করেছে পুলিশ।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন বিকেল পৌনে পাঁচটার দিকে বলেছেন, জাসদ কার্যালয়ের ভেতরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে। সেখানে বৈঠক চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে অনেককে আটক করে থানায় নিয়ে এসেছে।

আটক ব্যক্তিদের বিষয়ে তথ্য যাচাই–বাছাই করা হচ্ছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, যাচাই–বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, জাসদের কেন্দ্রীয় প্রতিনিধি সভা ছিল আজ। সারা দেশ থেকে প্রায় ৪০০ নেতা-কর্মী প্রতিনিধি সভায় যোগ দেন। সকাল সাড়ে ১০টায় তাঁদের অনুষ্ঠান শুরু হয়। তিনি দাবি করেন, প্রথমে বিএনপির নেতা–কর্মীরা এসে তাঁদের নেতা–কর্মীদের মারধর করেন। সেখানে পুলিশ সদস্যরা ছিলেন। পরে বিকেলে পুলিশ এসে নেতা–কর্মীদের আটক করতে শুরু করে। তাঁদের কোনো নেতা–কর্মী বের হতে পারেননি।

সাজ্জাদ হোসেন বলেন, জাসদ কার্যালয় থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্যকে আটক করা হয়েছে।

 

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: