মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান অব্যাহত আটক ৪১৫ জন

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ০৯:৩৩, ২৮ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান অব্যাহত আটক ৪১৫ জন

ছবি : সংগৃহীত

কুমিল্লা জেলায় কিশোর গ্যাংবিরোধী অভিযান অব্যাহত আছে। জেলার ১৮টি থানায় একযোগে চালানো এবারের অভিযানে ৪১৫ জনকে আটক করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাতটা থেকে মধ্যরাত পর্যন্ত জেলা পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে এ অভিযান চালানো হয়। কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে প্রথম আলোকে এসব তথ্য জানান। 

এর আগে কুমিল্লায় গত বুধবার ও শনিবার রাতে একইভাবে অভিযান চালিয়ে ৮৭৮ জনকে আটক করেছিল পুলিশ। তাঁদের মধ্যে ৫৯৭ জনকে মুচলেকায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। অন্য ২৮১ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সব মিলিয়ে গত পাঁচ দিনে তিন দফা অভিযানে ১ হাজার ২৯৩ জনকে আটক করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, ‘কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে—এমন বিভিন্ন স্থান, কিশোরদের আড্ডাস্থল ও অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হয়েছে। গত কয়েক দিনের ধারাবাহিক অভিযানের ফলে একদিকে কুমিল্লাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে, অন্যদিকে অপরাধপ্রবণতাও কমে আসছে। আমরা কিশোর অপরাধ নিয়ন্ত্রণে এ অভিযানের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিদের মধ্যে কারা অপরাধের সঙ্গে জড়িত, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উঠতি বয়সী কিশোরেরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত এ ধরনের অভিযান চালানো হচ্ছে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: