রোববার ০১ নভেম্বর ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসির ফলাফল

যশোর বোর্ডে শতভাগ ফেলের তালিকায় ১৬ প্রতিষ্ঠান, ৩ কলেজে শতভাগ পাস

রানার প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৩, ৩১ অক্টোবর ২০২৬

যশোর বোর্ডে শতভাগ ফেলের তালিকায় ১৬ প্রতিষ্ঠান, ৩ কলেজে শতভাগ পাস

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীন ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। অন্যদিকে শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে মাত্র তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান। শনিবার (৩১ অক্টোবর) যশোর বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. আব্দুল মতিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

শতভাগ ফেল করা প্রতিষ্ঠানসমূহ:
শূন্য পাসের তালিকায় থাকা ১৬টি প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ছিল সাতক্ষীরার এ. কে. ফজলুল হক এমসিএ কলেজে। প্রতিষ্ঠানটি থেকে ৪৯ জন পরীক্ষায় অংশ নিলেও একজনও পাস করতে পারেনি। এ ছাড়া নড়াইলের লোহাগড়ার মাকরাইল করিম খালেক সোলাইমান ইনস্টিটিউটের ৪৩ জন পরীক্ষার্থীর সবাই ফেল করেছে।

এই তালিকায় আরও রয়েছে—খুলনার কয়রা শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজ (২৭ জন), ঝিনাইদহের মল্লিক শহিদুল ইসলাম কারিগরি কলেজ (১৯ জন), মাগুরার বুজরুক শ্রীকুন্ডি কলেজ (১৫ জন), খুলনা নিউজপ্রিন্ট মিলস স্কুল অ্যান্ড কলেজ (১২ জন), খুলনার ইনডিপেনডেন্স আইডিয়াল কলেজ (১১ জন), কুষ্টিয়ার হাজি নুরুল ইসলাম কলেজ (৮ জন), যশোরের মণিরামপুরের সবুজ পল্লী কলেজ (৭ জন), খুলনার মডেল মহিলা কলেজ (৩ জন), সাতক্ষীরার ইসলামিয়া মহিলা কলেজ (৩ জন), খুলনার কপিলমুনি সহচরী বিদ্যামন্দির (৩ জন), মাগুরার গোপীনাথপুর এম. এ. খালেক স্কুল অ্যান্ড কলেজ (২ জন), কুষ্টিয়ার জগন্নাথপুর আইডিয়াল কলেজ (১ জন), মেহেরপুরের মোরকা জাগরণ কলেজ (১ জন) এবং খুলনার কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুল (১ জন)।

শতভাগ পাস করা ৩ প্রতিষ্ঠান:
বিপরীতে, শতভাগ পাসের গৌরব অর্জন করেছে মাত্র তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ৪৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। এ ছাড়া খুলনার খালিশপুরের নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ থেকে ৬১ জন এবং চুয়াডাঙ্গার ব্রাইট মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাসের সাফল্য দেখিয়েছে।

 

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: