কৃষি মন্ত্রণালয়ের সবশেষ নীতিমালা অনুযায়ী ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায় নতুন করে সার ডিলার নিয়োগ নিয়ে আপত্তি তুলেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির চেয়ারম্যান মো. মোশারফ হোসেন বলেন, বিদ্যমান ডিলারদের অবস্থান স্পষ্ট না করে নতুন ডিলার নিয়োগ দিলে সার বিতরণ ব্যবস্থায় জটিলতা তৈরি হতে পারে। এ অবস্থায় আমরা সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত নতুন ডিলার নিয়োগ কার্যক্রম স্থগিতের দাবি জানাই।
এছাড়া ১৮ বছর ধরে সার বিক্রির কমিশন না বাড়া, পরিবহনসহ অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় প্রতি বস্তায় ১০০ টাকা কমিশন বাড়িয়ে ২০০ টাকা করার দাবি জানিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন।


























