হামলার শিকার মদিনার বিদ্যুৎকেন্দ্র থেকেই পবিত্র মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। ছবি: সংগৃহীত
সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। বৃহস্পতিবার (১ অক্টোবর) পৃথক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), জর্ডান, কুয়েত ও বাহরাইনও হামলার নিন্দা জানায়। সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, ইয়েমেনের হুতি গোষ্ঠী এ হামলা চালিয়েছে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে হুতিরা।
আন্তর্জাতিক বার্তাসংস্থাগুলো বলছে, মদিনায় একটি বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা হয়েছে বলে সৌদি আরবের ঘোষণার পর ওই আইসি ও আরব দেশগুলোর কাছ থেকে এসব প্রতিক্রিয়া আসে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, মদিনার তাইবা বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ওই হামলা হয়েছে। ওই কেন্দ্র থেকে মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। হামলায় একটি ট্রান্সফরমার অচল হয়ে গেলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়নি।
সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, মদিনায় হামলাটি মক্কার মসজিদুল হারাম ও মসজিদে নববীসহ ইসলামের দুই পবিত্র মসজিদকে লক্ষ্য করে হুতিদের হামলার ধারাবাহিক চেষ্টার অংশ। এর মাধ্যমে বিশ্বজুড়ে মুসলমানদের উসকে দেয়ারও চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছে জোটটি। পবিত্র স্থান ও মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখার কথা জানিয়েছে তারা।


























