শনিবার ০৩ অক্টোবর ২০২৬

১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটার তালিকা সংশোধন বিতর্ক

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

রয়টার্স

প্রকাশিত: ০৩:১৪, ৩ অক্টোবর ২০২৬

আপডেট: ০৩:১৬, ৩ অক্টোবর ২০২৬

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

ভোটার তালিকা সংশোধন বিতর্কের জেরে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শুক্রবার মুম্বাইয়ে নতুন করে আন্দোলন শুরু করেছে জেন-জি নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

এদিকে দিল্লিতে পুলিশ পুরো এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলার পাশাপাশি সেখান থেকে বেশ কয়েকজন বিরোধী রাজনৈতিক নেতা ও অনেক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

বিরোধী দল ও সমালোচকদের অভিযোগ, ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) সুবিধা পাইয়ে দিতেই কমিশনারদের মাধ্যমে ভোটার তালিকায় কারসাজি করা হচ্ছে। তবে নির্বাচন কমিশন ও সরকার এই অভিযোগ অস্বীকার করেছে।

গত মাসে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, ভোটার তালিকা সংশোধন, নিবন্ধনপ্রক্রিয়া এবং কমিশনের ডিজিটাল ব্যবস্থার কিছু সিদ্ধান্ত নিয়ে বাকি দুই নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে আপত্তি তুলেছেন।

প্রতিবেদনে জানানো হয়, ওই দুই কমিশনার কয়েকটি সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুললেও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাদের উদ্বেগ প্রত্যাখ্যান করেন।

তবে নির্বাচন কমিশন এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে দাবি করেছে, বিষয়টি কমিশনারদের মধ্যকার ভিন্ন মতামত ও পারস্পরিক আলোচনার অংশ, কোনো লিখিত আনুষ্ঠানিক আপত্তি নয়।

রাজ্য নির্বাচনের আগে গত বছর পূর্বাঞ্চলীয় রাজ্য বিহার থেকে এই ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়, যা পরবর্তী সময়ে অধিকাংশ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সম্প্রসারিত হয়।

নির্বাচন কমিশনের নিজস্ব তথ্য অনুযায়ী, কিছু এলাকায় ভোটার তালিকা থেকে প্রায় ৩০ শতাংশ পর্যন্ত নাম বাদ পড়তে পারে।

কমিশন জানিয়েছে, জাল ও অযোগ্য নাম বাদ দিয়ে প্রকৃত ভোটারদের তালিকা নিশ্চিত করতেই এ উদ্যোগ। বিপরীতে বিরোধী দল ও আন্দোলনকারীদের দাবি, মোদি সরকারকে সুবিধা দিতেই প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে রাজনৈতিক পক্ষপাতমূলক এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

চলতি বছরের শুরুর দিকে তীব্র বেকারত্ব এবং পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে এই যুব আন্দোলনের সূত্রপাত ঘটে, যা পরবর্তী সময়ে একটি প্রভাবশালী রাজনৈতিক শক্তিতে রূপ নেয়।

অভিজিৎ দিপকের নেতৃত্বে গড়ে ওঠা এই আন্দোলন প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ গড়ে তোলে। তাদের আন্দোলনের মুখেই ভারতের শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন, যা মোদি সরকারের জন্য একটি বড় রাজনৈতিক ধাক্কা ছিল।

 

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: