ছবি : বাসস
নিজ এলাকায় এসে অসহায় মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান করলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামে জুম্মার নামাজ শেষে তার নির্বাচনী এলাকার চারটি উপজেলা থেকে আগত অসহায় ও দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি নিজে রোগী দেখেন। এ বিষয় মন্ত্রী বলেন, ‘আমি সবসময় চেষ্টা করি আমার নির্বাচনী এলাকার মানুষের পাশে থাকতে। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক দায়বদ্ধতা থেকেই অসহায় মানুষের চিকিৎসা সেবাসহ সাধ্যমত সব ধরনের সেবা দিয়ে যাচ্ছি।’
তিনি বলেন, তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ও অসুস্থ, দরিদ্র রোগীসহ সকল শ্রেণী পেশার রোগীদের জন্য চিকিৎসা সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছেন। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা একজন চিকিৎসক হিসেবে তার নৈতিক দায়িত্ব।
তিনি বলেন, সরকার মানুষের কল্যাণে কাজ করছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দরিদ্র, অসহায়, নারী ও শিশুদের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা মো. আমজাদ আলী বলেন, মন্ত্রী আমাদের এলাকার মানুষ হয়েও এত ব্যস্ততার মাঝে নিজ গ্রামে এসে তাঁর নিকট আগত রোগীদের চিকিৎসা সেবা এবং চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দিচ্ছেন। আমার মত আরো অনেক গরীব দুঃখী মানুষ এবং নারী-পুরুষ বৃদ্ধ ও শিশুরা তার কাছে তাদের অসুস্থতার বিষয় কথা বলে চিকিৎসা সেবা পাচ্ছেন।
একই কথা বলেন, ৬৫ বছর বয়সের আদিবাসী বৃদ্ধা নারী অলকা মুরমু (৬৭)। তিনি বলেন, আমি আজ ৬ দিন থেকে জ্বর সর্দি কাশিতে ভুগছি। মন্ত্রী আমাকে ভালো করে দেখলেন এবং জ্বর সর্দি কাশি ভালো হওয়ার জন্য আমাকে বিনামূল্যে ওষুধ দিয়েছেন। আমি এর আগে পেটের ব্যথার জন্য মন্ত্রীর কাছে চিকিৎসা নিয়েছিলাম এবং সুস্থ হয়েছি।


























