ট্রাম্প-পুতিন চুক্তির পরও রুশ ডিজেলে আগ্রহ নেই ব্যবসায়ীদের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ডিজেল সরবরাহের চুক্তি হয়েছে প্রায় এক মাস আগে। কিন্তু এখনো এক ফোঁটা রুশ ডিজেলও যুক্তরাষ্ট্রে পৌঁছায়নি। আইনি জটিলতা ও নিষেধাজ্ঞা নিয়ে অনিশ্চয়তায় তেল ব্যবসায়ীরা এই ডিজেল কেনা থেকে দূরে আছেন।
আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত ৯ অক্টোবর পুতিনের সঙ্গে ফোনে কথা বলার পর ট্রাম্প চুক্তির ঘোষণা দেন। তাঁর কথামতো, যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক বাজারের জন্য রাশিয়া তাৎক্ষণিকভাবে তিন লাখ টনের বেশি ডিজেল পাঠাবে। এরপর নভেম্বরে আরও পাঁচ লাখ টন এবং পরে এক লাখ টন ডিজেল সরবরাহ করা হবে। তবে দাম, অর্থ পরিশোধের শর্ত এবং কোন কোন প্রতিষ্ঠান এই বাণিজ্যে থাকবে, তা জানানো হয়নি।
চুক্তির পর ডিজেল নিয়ে রাশিয়া থেকে চারটি জাহাজ রওনা হয়, যার দুটি যাচ্ছিল যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা কেপলার জানিয়েছে, বৃহস্পতিবারের মধ্যে এর একটি ব্রাজিলের দিকে এবং অন্যটি ভূমধ্যসাগরের দিকে মোড় নিয়েছে। নিউইয়র্কগামী তৃতীয় একটি জাহাজের গন্তব্য এখন দেখানো হচ্ছে ‘আদেশের অপেক্ষায়’, ফলে সেটির পণ্য কোথায় নামানো হবে, তা পরিষ্কার নয়।
ব্যবসায়ীদের অনাগ্রহের মূল কারণ আইনি ঝুঁকি। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়া পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করলে যুক্তরাষ্ট্র দেশটি থেকে জ্বালানি আমদানি নিষিদ্ধ করে। সম্প্রতি মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর সাময়িকভাবে রুশ ডিজেল বিক্রির অনুমতি দিয়েছে। কিন্তু কংগ্রেসের দেওয়া রুশ জ্বালানি আমদানির নিষেধাজ্ঞা এখনো বহাল থাকায় এই বাণিজ্যে নামলে আইনি বিপদে পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
এর মধ্যে গত সোমবার নিউ জার্সির গভর্নর মিকি শেরিল রাজ্যের বন্দর ও পণ্য সংরক্ষণাগার পরিচালনাকারীদের কাছে চিঠি পাঠিয়ে রুশ জ্বালানিবাহী জাহাজ ফিরিয়ে দিতে বলেছেন। রুশ জ্বালানির অবৈধ বাণিজ্য থেকে মুনাফার যেকোনো চেষ্টায় কঠোর শাস্তি হবে বলে সতর্ক করেছেন তিনি। নিষেধাজ্ঞা শিথিল করার এখতিয়ার ট্রাম্প প্রশাসনের আছে কি না, সে প্রশ্নও তুলেছেন শেরিল।
মার্কিন আইনপ্রণেতারাও ব্যাংক, বন্দর কর্তৃপক্ষ ও জ্বালানি বিতরণকারী প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে দিয়েছেন। তাঁদের মতে, রুশ জ্বালানি আমদানি বা পরিবহনে সহায়তা করলে এসব প্রতিষ্ঠানকে দেওয়ানি ও ফৌজদারি মামলার মুখে পড়তে হতে পারে, ভবিষ্যতে কংগ্রেসের তদন্তও হতে পারে।
ট্রাম্প প্রশাসন অবশ্য বলছে, সাময়িক এই ছাড় প্রচলিত আইনের সঙ্গে সংগতিপূর্ণ। তবে কোনো আদালত এখনো এ বিষয়ে সিদ্ধান্ত দেননি। কেপলারের বিশ্লেষক ম্যাট স্মিথ বার্তা সংস্থা এপিকে বলেছেন, নিষেধাজ্ঞা ও বিধিবিধানের জটিলতায় যুক্তরাষ্ট্রের বন্দরে রুশ ডিজেল খালাস করা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে স্পষ্ট দ্বিধা কাজ করছে।
বিশ্লেষকেরা মনে করছেন, রুশ ডিজেলবাহী জাহাজগুলো শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাইরে কোথাও যেতে পারে। পথ বদলানো দুটি জাহাজের মতো তৃতীয়টিও একই দিকে যেতে পারে বলে ধারণা।
মস্কো অবশ্য দাবি করছে, চুক্তি অনুযায়ী সরবরাহের পরিকল্পনা ঠিকমতো এগোচ্ছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, সব ডিজেলেরই ক্রেতা মিলবে। জাহাজের গন্তব্য বদলের খবরকে ‘ভুয়া’ বলেছেন পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বাড়ায় ট্রাম্প প্রশাসন রুশ জ্বালানি আমদানির পথে হেঁটেছে। কিন্তু ব্যবসায়ীদের আইনি ঝুঁকি, নিষেধাজ্ঞা ঘিরে অনিশ্চয়তা ও রাজনৈতিক চাপে চুক্তিটি আদৌ বাস্তবায়িত হবে কি না, সে প্রশ্ন উঠেছে।


























