ইসরায়েলে সরকার গড়ার দায়িত্ব আইজেনকটের হাতে
ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট। এবারের পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি। নির্বাচনের পর চলমান রাজনৈতিক অচলাবস্থার মধ্যে নেতানিয়াহুকে পাশ কাটিয়ে তাঁকে এই দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।
প্রেসিডেন্টের একজন মুখপাত্র বিবৃতিতে জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় আইজেনকটকে সিদ্ধান্তটি জানানো হয়। রোববার প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সরকার গঠনের দায়িত্ব তুলে দেবেন।
গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নেসেট নির্বাচনে কোনো পক্ষই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এরপর সরকার গঠনের সুযোগ কে পাবেন, তা ঠিক করতে চলতি সপ্তাহে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন হারজগ। একই সময়ে জোট সরকার গড়ার চেষ্টা চালিয়ে যান নেতানিয়াহুও।
১২০ আসনের নেসেটে সরকার গঠনে ৬১ জন আইনপ্রণেতার সমর্থন লাগে। আইজেনকটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টির পক্ষে রয়েছেন ৬৭ জন, আর নেতানিয়াহুর জোটকে সমর্থন দিয়েছেন ৪৬ জন আইনপ্রণেতা। আরব নেতৃত্বাধীন দলগুলো আইজেনকটকে সমর্থন করছে।
নির্বাচনে আইজেনকটের চার দলের জোট পেয়েছে ৪৮টি আসন। নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোটের ঝুলিতে গেছে ৫৩টি আসন। আরব নেতৃত্বাধীন দলগুলো জিতেছে রেকর্ড ১৯টি আসনে।
আরব নেতৃত্বাধীন দলগুলোকে নিয়ে সরকার গঠন করবেন না বলে আইজেনকট আগেই জানিয়ে রেখেছেন। তবে আরবদের সমর্থন নিশ্চিত হলে তাঁর জোটের আসনসংখ্যা দাঁড়াবে ৬৭টিতে।
নিয়ম অনুযায়ী, সরকার গঠনে আইজেনকট ২৮ দিন সময় পাবেন, যা প্রয়োজনে আরও ১৪ দিন বাড়ানো যাবে। এই সময়ে দলগুলো নীতিগত দাবি ও মন্ত্রিত্ব নিয়ে আলোচনা ও দর–কষাকষি চালাবে, আর আইজেনকট প্রয়োজনীয় সমর্থন জোগাড়ের চেষ্টা করবেন।
আইজেনকট ব্যর্থ হলে প্রেসিডেন্ট নেসেটের আরেকজন সদস্যকে সরকার গঠনের আহ্বান জানাবেন, যিনিও ২৮ দিন সময় পাবেন। তিনিও ব্যর্থ হলে নেসেটের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা তৃতীয় একজনের নাম প্রস্তাব করতে পারবেন, যাঁকে দেওয়া হবে ১৪ দিন।
এরপরও অচলাবস্থা না কাটলে নেসেট আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হবে এবং ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন করতে হবে। এ সময় দেশ চালাবে তত্ত্বাবধায়ক সরকার, নিয়ম অনুযায়ী যার প্রধান হবেন নেতানিয়াহুই।
লিকুদ পার্টির নেতা নেতানিয়াহু প্রায় ১৯ বছর ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। গত তিন দশকে বহু রাজনৈতিক সংকট পেরিয়ে তিনি ক্ষমতার কেন্দ্রে টিকে আছেন।


























