সংবিধানের ধারা বা সংবিধান পরিবর্তন করতে পারে—এমন কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে আগে সংবিধান সংস্কার করতে হবে।
রোববার (১৫ মার্চ) সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে বিরোধীদলীয় নেতার ব্যাখ্যার জবাবে এসব কথা বলেন তিনি।
এর আগে সংসদ নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সভা কেন আহ্বান করা হয়নি সে বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান পরিবর্তন করার কোনো অধ্যাদেশ রাষ্ট্রপতি জারি করতে পারেন না। তাই জুলাই সনদ বাস্তবায়নের আদেশ নাকি আইন সেটি নিয়ে প্রশ্ন আছে। আর সংবিধানে নেই এমন কোনো বিষয় আর্টিকেল ৭২ অনুযায়ী প্রধানমন্ত্রী পরামর্শ দিতে পারেন না। এ ছাড়া সংবিধান সংস্কার পরিষদ ও গণভোটের কিছু বিষয় আদালতে চ্যালেঞ্জড হয়েছে। সংসদ এমন কোনো আইন পাস করতে পারে না, যা পরবর্তীতে আদালতে চ্যালেঞ্জ হবে।
তিনি বলেন, জুলাই সনদ একটি রাজনৈতিক সমঝোতার দলিল। যার ওপর জনগণের মতামত নিতে গণভোট। তবে গণভোট যে প্রক্রিয়ায় হয়েছে সেটি নিয়েও প্রশ্ন আছে। সবকিছু মিলিয়ে সংস্কার পরিষদের বিষয়টি আগে সংবিধান সংশোধনের মাধ্যমে আসতে হবে। সংবিধান ধারণ করলে তারপর এর ওপর আলোচনা হতে পারে।


























