প্রেসক্লাব যশোরের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য সচিব দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন পদত্যাগ করেছেন।
রোববার (৩০ আগস্ট) দুপুরে নিজ ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে, গত ৬ আগস্ট প্রেসক্লাব যশোরের বিশেষ সাধারণ সভায় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক একরাম উদ-দৌলাকে আহ্বায়ক এবং ক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিনকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।
ওই কমিটি দায়িত্ব গ্রহণের পরবর্তী ৪৫ দিনের মধ্যে দীর্ঘদিনের দাবি এবং বিশেষ সাধারণ সভার প্রত্যাশা অনুযায়ী নতুন সদস্য অন্তর্ভুক্তির উদ্যোগ নেবে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর এবং করবে। এছাড়াও নির্বাচন না হওয়া পর্যন্ত প্রেসক্লাবের নিয়মিত প্রশাসনিক ও সাংগঠনিক কার্যক্রমও এ কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হবে।
সিদ্ধান্ত মোতাবেক দুই দফায় ৩৬জন সদস্য প্রদান এবং নির্বাচনী কার্যক্রম চলছে। এরমাঝেই সদস্য সচিবের পদত্যাগের বিষয়টি নিয়ে সাংবাদিক সমাজে আলোচনার সৃষ্টি হয়েছে।
পদত্যাগপত্রে মবিনুল ইসলাম মবিন উল্লেখ করেন, প্রেসক্লাব যশোরের নির্বাহী কমিটির কিছু অনিয়মতান্ত্রিক পদক্ষেপের প্রতিবাদে গত জুলাই থেকে সাংবাদিক ইউনিয়ন যশোর আন্দোলন শুরু করে। এর ধারাবাহিকতায় প্রেসক্লাবের সংকট নিরসনে গত ৬ আগস্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
পেশাগত ব্যস্ততার কারণে দায়িত্ব নিতে অনাগ্রহ প্রকাশ করলেও যৌথ কমিটির সভায় তাকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়। পরে ক্লাবের সদস্যদের বৃহত্তর স্বার্থ এবং সবার সমর্থনের প্রতি সম্মান জানিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
পদত্যাগপত্রে তিনি আরও উল্লেখ করেন, দায়িত্ব পালনকালে প্রেসক্লাবের গঠনতন্ত্র সংশোধন, সদস্যপদ প্রদান ও অডিট কার্যক্রম শুরুর মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়েছে।
তবে প্রেসক্লাবের কাজে ব্যস্ত থাকায় নিজ পত্রিকার কাজে প্রয়োজনীয় সময় দিতে না পারায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। একই সঙ্গে এ কারণে তার পেশাগত ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন মবিনুল ইসলাম মবিন।


























