প্রেসক্লাব যশোরের আহবায়ক কমিটির সদস্য সচিব পদত্যাগের কয়েক ঘন্টার ব্যবধানে এবার পদত্যাগ করেছেন আহবায়ক ও দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ- দ্দৌলা। রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় তিনি পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন- বয়স জনিত অসুস্থতা সত্ত্বেও ঐতিহ্যবাহী এই প্রেসক্লাবের সংকট নিরসনে আমি দায়িত্ব গ্রহণ করি। ঐক্য, স্বচ্ছতা ও নিরপেক্ষতার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের কাজও শুরু করি।
দায়িত্ব গ্রহণের পর বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে এগিয়ে গেলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত সব কার্যক্রম নিরপেক্ষভাবে সম্পন্ন করা সম্ভব হয়নি। বিভিন্ন বিষয়ে আপত্তি জানানো সত্ত্বেও প্রেসক্লাব যশোরের দীর্ঘদিনের সুনাম, স্বার্থ এবং সাংবাদিকদের ঐক্য অক্ষুন্ন রাখা সম্ভব হচ্ছে না বলে আমি মনে করছি। এ অবস্থায় নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে না পারায় আমার দীর্ঘ সাংবাদিকতা পেশা এবং প্রেসক্লাবের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে আমি মনে করি।
একই সঙ্গে যারা আমাকে দীর্ঘদিন ধরে চেনেন ও জানেন- তাদের কাছেও আমি অনাকাঙ্খিতভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছি। ফলে কিছুটা বিলম্ব হলেও বর্তমান পরিস্থিতিতে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোই সমীচীন বলে মনে করছি। এরসঙ্গে আমার ব্যক্তিগত অসুস্থতার বিষয়টিও বিবেচনায় রয়েছে। তিনি আরও উল্লেখ করেন- সংকটকালীন আহবায়ক কমিটির সদস্য সচিব মবিনুল ইসলাম মবিন ইতোমধ্যে পদত্যাগ করেছেন। এ পরিস্থিতিতে বর্তমান আহবায়ক কমিটিতে আমার দায়িত্ব পালন করা সম্ভব নয়।
এরআগে, গত ৬ আগস্ট প্রেসক্লাব যশোরের বিশেষ সাধারণ সভায় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক একরাম উদ-দৌলাকে আহ্বায়ক এবং ক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিনকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।
ওই কমিটি দায়িত্ব গ্রহণের পরবর্তী ৪৫ দিনের মধ্যে দীর্ঘদিনের দাবি এবং বিশেষ সাধারণ সভার প্রত্যাশা অনুযায়ী নতুন সদস্য অন্তর্ভুক্তির উদ্যোগ নেবে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর এবং করবে। এছাড়াও নির্বাচন না হওয়া পর্যন্ত প্রেসক্লাবের নিয়মিত প্রশাসনিক ও সাংগঠনিক কার্যক্রমও এ কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হবে।
সিদ্ধান্ত মোতাবেক দুই দফায় ৩৬জন সদস্য প্রদান এবং নির্বাচনী কার্যক্রম চলছে। এরমাঝে একইদিন কয়েক ঘন্টার ব্যবধানে আহবায়ক এবং সদস্য সচিবের পদত্যাগের বিষয়টি নিয়ে সাংবাদিক সমাজে আলোচনার সৃষ্টি হয়েছে।


























