রোববার ০৬ সেপ্টেম্বর ২০২৬

২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি নিবন্ধন পেলো ‘দৈনিক রানার’ অনলাইন

রানার প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১০, ৬ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৩:১০, ৬ সেপ্টেম্বর ২০২৬

সরকারি নিবন্ধন পেলো ‘দৈনিক রানার’ অনলাইন

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শীর্ষস্থানীয় ‘দৈনিক রানার’ পত্রিকার অনলাইন ভার্সন dainikrunner.com পোর্টাল সরকারি নিবন্ধন পেয়েছে। বৃহস্পতিবার তথ্য অধিদফতর পোর্টালটিকে নিবন্ধন সনদ দেয়।
এর আগে, সরকারি একাধিক সংস্থার যাচাই-বাছাই শেষে গত ২৫ জুন বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় পোর্টালটিকে প্রাথমিক অনুমোদন দিয়ে আদেশ জারি করে। একইসাথে নিবন্ধন দেওয়ার জন্য তথ্য মন্ত্রণালয় থেকে তথ্য অধিদপ্তরের কাছে চিঠি পাঠায়। এরপর ‘দৈনিক রানার’ কর্তৃপক্ষ সরকার নির্ধারিত ফি জমা দেওয়ার পর নিবন্ধন সনদ ইস্যু করেছে তথ্য অধিদফতর।

দৈনিক রানার পত্রিকার প্রকাশক উত্তম ঘোষ এক প্রতিক্রিয়ায় বলেন, ‘দৈনিক রানার’ পত্রিকার অনলাইন ভার্সন, ই-পেপার ও মাল্টিমিডিয়া অল্প সময়ের মধ্যেই পাঠকের আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করতে পেরেছে। এরমধ্যেই নিবন্ধন প্রদানের মাধ্যমে সরকারি এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমরা বস্তুনিষ্ঠ, নির্ভুল ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি পাঠকের বিশ্বাস অটুট রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

দৈনিক রানারের সম্পাদকমণ্ডলীর সভাপতি অমলেন্দু দাস অপু বলেন, ‘জনপ্রিয়তার পেছনে ছুটে নয়, পাঠকের আস্থা ও বিশ্বাসকে শক্ত ভিত্তি করে এগিয়ে যেতে চাই আমরা। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে নির্ভীক, বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে দৈনিক রানার তার লক্ষ্যে পৌঁছাবে। পাঠকের আস্থা ও জনস্বার্থই হবে আমাদের সাংবাদিকতার প্রধান শক্তি।’
দৈনিক রানারের ভারপ্রাপ্ত সম্পাদক আর এম কবিরুল আলম দিপু বলেন, ‘সেই ১৯৮০ সালে বাবা শহীদ সাংবাদিক গোলাম মাজেদ- এর হাতে প্রতিষ্ঠিত হয়ে আত্মপ্রকাশ করে ‘দৈনিক রানার’। শুরুতে লেটারে প্রেস ছাপাখানার মাধ্যমে প্রিন্ট করে সাদাকালো পত্রিকা পাঠকের কাছে সরবরাহ করা হতো।’

তিনি বলেন, ‘সমাজের নানা অনিয়ম, দুর্নীতি, সমস্যা নিয়ে সাহসী লেখনির কারণে পাঠক মহলে ব্যাপক সমাদৃত হলেও স্বৈরাচার এরশাদ সরকারের আমলে তাঁর কলম থামাতে সরকারি মদদে বারবার জেল-জুলুম-নির্যাতনে শহীদ হন বাবা গোলাম মাজেদ। এরপর বড় ভাই আর এম সাইফুল আলম মুকুল সম্পাদক হয়ে পত্রিকার হাল ধরলে তাঁর ক্ষুরধর লেখনির কারণে নব্বইয়ের দশকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের হৃদয়ের মণিকোঠায় পৌঁছে যায় পত্রিকাটি। তবে সন্ত্রাসীদের হাতে ১৯৯৮ সালে তিনিও শহীদ হন।’

যুগের সাথে তাল মিলিয়ে লেটার প্রেস থেকে ১৯৯৯ সালে কম্পিউটার প্রযুক্তি এবং বর্তমানে আধুনিক ছাপাখানায় ঢাকা থেকে পত্রিকা মুদ্রণ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০টি জেলা-উপজেলা ছাড়াও রাজধানী ঢাকার পাঠক এবং গুরুত্বপূর্ণ সকল সরকারি-বেসরকারি দপ্তরে সকাল হতেই পত্রিকা পৌঁছে যাচ্ছে।

একইসাথে অবাধ তথ্য-প্রযুক্তির এই যুগে ডিজিটাল মাধ্যমের পাঠকের চাহিদার কথা চিন্তা করে অনলাইন ও মাল্টিমিডিয়া মাধ্যমে সমান তালে সংবাদ প্রকাশ করছে ‘দৈনিক রানার’। যা সারাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাঙালিরা পড়ছেন। এমনই পরিস্থিতিতে পোর্টাল হিসেবে সরকারি নিবন্ধন পাওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের একটি মাইলফলক।
 

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: