বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬

২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: শামা ওবায়েদ

রানার ডেস্ক

প্রকাশিত: ১৭:৩১, ৯ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেওয়ার জন্য ওমান সরকারের সঙ্গে একটি চুক্তি সই হয়েছে। এদের মধ্যে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী রয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কথা বলেন। ওমান সরকারের সাথে আলোচনা সাপেক্ষে এই চুক্তি হয়েছে বলেও জানান তিনি।

শামা ওবায়েদ বলেন, ওমান সরকারের প্রতিনিধিরা আগামী মাসে বাংলাদেশ সফর করবেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করবেন।

তিনি আরও বলেন, বিগত সরকারের সময়ে বন্ধ হওয়া ওমানের ভিসা প্রক্রিয়া পুনরায় সচল করতে বর্তমানে কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে। নতুন সরকার কারিগরি শিক্ষা এবং দক্ষ জনশক্তি বা স্কিল মাইগ্রেশনের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ মানুষ যাতে বিভিন্ন সেক্টরে কাজ করতে ওমানে যেতে পারে, সে বিষয়ে দুই দেশ কাজ করছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে আন্দোলন করার কারণে ২০০-এর অধিক বাংলাদেশি জেলে গিয়েছিলেন। সরকারের জোরালো কূটনৈতিক প্রচেষ্টার ফলে সেই প্রবাসী ভাইদের মুক্ত করে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

তিনি বলেন, বর্তমানে সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে ভিসার অটো-ক্যান্সেলেশন বা নথিপত্র সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে, তা সমাধানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে নিবিড়ভাবে কাজ করা হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ইতালির মিলানে শিল্পী বাঁধনের সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মিলান কন্সুলেট তাকে সব ধরনের আইনি সহযোগিতা প্রদান করছে।

শামা ওবায়েদ বলেন, ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও রাষ্ট্রদূত এই মামলার বিষয়ে সার্বক্ষণিক নজর রাখছেন এবং সহযোগিতা চালিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে বর্তমানে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছতার সাথে চলছে।

গত ১৭ বছর ধরে চলে আসা মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের অবসান ঘটিয়ে দেশে আইনের শাসন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: