বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬

২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের কণ্ঠ রোধের সুযোগ থাকবে না: তথ্যমন্ত্রী

রানার ডেস্ক

প্রকাশিত: ১৬:২০, ১০ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৬:২০, ১০ সেপ্টেম্বর ২০২৬

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের কণ্ঠ রোধের সুযোগ থাকবে না: তথ্যমন্ত্রী

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের কণ্ঠ রোধের সুযোগ রাখা হবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। এ আইন হবে সাইবার অপরাধ ঠেকাতে যুগোপযোগী আইন বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আর তথ্যপ্রযুক্তি মন্ত্রী জানান, সাইবার নিরাপত্তার বিষয়টি শুধু সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষেত্রে নয়, সব ধরনের গণমাধ্যমের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। তাই সবার মতামত নিয়েই আইনটি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে এসব কথা বলেন তারা। প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, তথ্য এবং আইন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির মূল লক্ষ্য হচ্ছে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে একটি সঠিক ও কার্যকর সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করা। সকালে সচিবালয়ে সাইবার সুরক্ষা আইন প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির প্রথম সভার অনুষ্ঠিত হয়। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন মন্ত্রী–প্রতিমন্ত্রীরা।  

তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, সাইবার সুরক্ষা আইন এমনভাবে প্রণয়ন করা হবে, যাতে ভবিষ্যতে এটি ব্যবহার করে গণমাধ্যম বা কারও কণ্ঠ রোধ করার সুযোগ না থাকে। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে জননৈতিকতা নষ্ট করে এমন কর্মকাণ্ড বন্ধ করা এবং অনলাইন পরিবেশকে নিরাপদ রাখা তাদের অন্যতম লক্ষ্য।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, নারীর প্রতি সহিংসতা, অশ্লীল ভাষার ব্যবহার, বুলিং ও সামাজিক অবক্ষয় রোধে একটি যুগোপযোগী সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করা হবে। তিনি বলেন, সাইবার জগৎ ও সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে যে ধরনের কর্মকাণ্ড হচ্ছে, সেখান থেকে দেশের জনগণকে সুরক্ষা দিতে সাইবার সুরক্ষা আইন।

তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ করে মেটা ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মে প্রকাশিত বিভিন্ন কনটেন্ট নিয়ে উদ্বেগ রয়েছে। এসব কনটেন্টের কারণে ব্যক্তি ও পরিবারে নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে।

মন্ত্রী বলেন, সরকার এই কনটেন্টগুলো নিয়ে খুব সিরিয়াস। যেসব কনটেন্ট সামাজিকভাবে ক্ষতি করছে, সেগুলো কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, তা নিয়ে কাজ চলছে বলে জানান তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: