চলতি ২০২৬–২৭ অর্থবছরেই পাঁচ ধাপে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এবার কোনো দলীয় মনোনয়ন বা প্রতীকে এই নির্বাচন অনুষ্ঠিত হবে না। নির্বাচনে সব বৈধ প্রার্থী অংশ নিতে পারবেন এবং প্রার্থীরা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে নির্বাচনী প্রচার চালাতে পারেন, তা নিশ্চিত করবে সরকার।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুকের সঙ্গে সৌজন্য বৈঠক শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, সরকার স্থানীয় সরকার নির্বাচনকে সর্বজনগ্রাহ্য ও সম্পূর্ণ স্বচ্ছ করতে বদ্ধপরিকর। সেই লক্ষে এবার দলীয় প্রতীকে নির্বাচন না করার বিষয়ে সরকারকে ইতিমধ্যে অবহিত করা হয়েছে। নির্বাচনে সব বৈধ প্রার্থী অংশ নেওয়ার সমান সুযোগ পাবেন এবং তাদের নিরাপত্তা বিধানে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
যুক্তরাজ্যের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে মীর শাহে আলম বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের একটি প্রধান উন্নয়ন সহযোগী দেশ। তারা বিশেষ করে রাজধানীসহ বিভিন্ন নগরীর মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় বিনিয়োগ করতে অত্যন্ত আগ্রহী। এই প্রস্তাব বাস্তবায়নে দ্রুত একটি যৌথ কমিটি গঠন করা হবে, যা বিনিয়োগ ও প্রকল্পের রূপরেখা নির্ধারণে কাজ করবে। এছাড়া বাংলাদেশ সরকারের অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্তে যুক্তরাজ্য সন্তোষ প্রকাশ করেছে বলেও তিনি মন্তব্য করেন।
এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের শক্তিশালী অংশীদারিত্ব রয়েছে। এ পর্যন্ত যুক্তরাজ্য বাংলাদেশে ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি অর্থায়ন করেছে।
হাইকমিশনার জানান, ভবিষ্যতে এই অংশীদারিত্ব কীভাবে আরও বৃদ্ধি করা যায় এবং বিশেষ করে নগর উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগ বাড়ানো যায়, সে বিষয়ে তাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে।


























