সংগৃহীত ছবি
দেশের নদীভাঙন রোধে প্রতিবছর একই ধরনের কাজ করে অর্থ ব্যয়ের বদলে দীর্ঘমেয়াদি ও টেকসই নদী ব্যবস্থাপনা পরিকল্পনা নেওয়ার পরামর্শ দিয়েছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) এ বিষয়ে গুরুত্ব দিতে বলা হয়। প্রয়োজনে চীন ও নেদারল্যান্ডসে কীভাবে স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়, সে অভিজ্ঞতা নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
বৈঠকে পানিসম্পদ মন্ত্রণালয় এবং এর আওতাধীন পাউবো ও পানিসম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পাউবো বৈঠকে তাদের বরাদ্দ স্বল্পতার বিষয়টি তুলে ধরে। কমিটি বলেছে, নদীভাঙন রোধে যে ব্যবস্থা নেওয়া হয়, তা টেকসই হচ্ছে না। প্রায় প্রতিবছরই একই কাজ করতে হয়। তাই বিদ্যমান বরাদ্দের মধ্যেই কীভাবে টেকসই কাজ করা যায়, সেদিকে নজর দিতে হবে।
বন্যা ব্যবস্থাপনা ও নদী সুরক্ষায় পাউবো এখন পর্যন্ত ১৬ হাজার ৬৬৮ কিলোমিটার বাঁধ নির্মাণ করেছে। ৩ হাজার ৯৮১ কিলোমিটার নদী পুনঃখনন, ১ হাজার ৬৩০ কিলোমিটার নদী ড্রেজিং এবং ১ হাজার ৭৬৮ কিলোমিটার নদীতীর সংরক্ষণের কাজ বাস্তবায়ন করেছে। এ ছাড়া উপকূলীয় অঞ্চলে ১৩৯টি পোল্ডার নির্মাণ করা হয়েছে।
বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নদীভাঙন রোধে স্বল্পমেয়াদি ও পুনরাবৃত্তিমূলক ব্যয়ের পরিবর্তে দীর্ঘমেয়াদি ও টেকসই নদী ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছে কমিটি। নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ দেওয়া হয়।


























