ছবি :রয়টার্স
সৌদি আরবে বিমান হামলায় নারীসহ তিনজন বেসামরিক বিদেশি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত ৩৬ জন। দেশটির অভিযোগ, ইয়েমেনের ইরানপন্থী সমস্ত্র গোষ্ঠী হুতিরা এ হামলার পেছনে জড়িত। স্থানীয় সময় গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার হামলা দুটি চালানো হয়েছে। এর মধ্যে একটি হামলা হয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে। আরেকটি হামলা হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলের আবহা শহরের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে। সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুজন বিদেশি নারী নিহত হয়েছে। তাদের একজন মরক্কো, অন্যজন আলজেরিয়ার নাগরিক। এ হামলায় ২৮ জন আহত হয়েছে।
অন্যদিকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় একজন বিদেশি নিহত হয়েছে। তিনি সুদানের নাগরিক। হামলায় আটকজন আহত হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজনই সৌদি আরবের নাগরিক। হামলায় হতাহতের নাম–পরিচয় তাৎক্ষনিকভাবে জানানো হয়নি।
কোন বিমানবন্দরে কখন হামলা হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে সুনির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি। শুধু বলা হয়েছে, গতকাল বুধবার আর আজ বৃহস্পতিবার এসব হামলা হয়েছে।


























