ছবিঃ এএফপি
থাইল্যান্ডে গত সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শুরু হওয়া বন্যায় দেশজুড়ে ৬০ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার থাই সরকার এ তথ্য জানিয়েছে। কয়েকটি অঞ্চলে নদীর পানির উচ্চতা এখনও বাড়ছে। গত মাসের শেষ দিকে কয়েক দিন ধরে ভারী বৃষ্টিতে রাজধানী ব্যাংককের বিভিন্ন এলাকা প্লাবিত হয়। তবে সেখানে এখন বন্যার পানি অনেকটাই নেমে গেছে। ব্যাংকক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
দেশটির আরও প্রায় এক ডজন প্রদেশ ও রাজধানীতে বন্যায় মানুষের মৃত্যু হয়েছে। বিভাগটি জানায়, থাইল্যান্ডের ৭৭টি প্রদেশের মধ্যে ২৭টিতে এখনও বন্যা পরিস্থিতি বিরাজ করছে।
ব্যাংককে ১৬ সেপ্টেম্বর থেকে চারজনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরের শেষ দিকে কয়েক দিনের টানা বৃষ্টিতে সেখানে এক মাসের সমপরিমাণ বৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে পুরো নগরীকে দুর্যোগ এলাকা ঘোষণা করা হয়েছিল। এদিকে আগামী সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ব্যাংকক। এ কারণে বর্তমানে শহরজুড়ে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান চলছে।
বন্যা মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে জনসমালোচনার মুখে থাকা প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল সোমবার সরকারি সংস্থাগুলোকে বন্যা ও পরিবহন ব্যবস্থা এমনভাবে পরিচালনার নির্দেশ দিয়েছেন, যাতে বৈঠকগুলোতে কোনো ধরণের বিঘ্ন না ঘটে।
সেপ্টেম্বর থাইল্যান্ডের বর্ষাকালের সর্বোচ্চ সময়। তবে এ বছর ব্যাংককের অনেক বাসিন্দার কাছে পরিস্থিতি আরও ভয়াবহ মনে হয়েছে।


























