মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদির সাথে চুক্তি: ২০২৭ সালের হজে কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

রানার ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৬, ১০ নভেম্বর ২০২৬

সৌদির সাথে চুক্তি: ২০২৭ সালের হজে কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

সৌদির সাথে চুক্তি: ২০২৭ সালের হজে কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

সৌদি আরবের সঙ্গে ২০২৭ সালের দ্বিপক্ষীয় হজ চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ। নতুন চুক্তি অনুসারে আগামী বছর বাংলাদেশের জন্য মোট ৮৩ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছে।

সৌদি আরবের জেদ্দায় স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টায় দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন।

বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অতিরিক্ত ৫ হাজার হজযাত্রীর কোটা মঞ্জুর করে। পরবর্তীতে ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বৈঠকে হজ ব্যবস্থাপনার অগ্রগতি ও সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে সৌদির মীনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টি উঠে আসে। তবে অন্য কোনো দেশের কোটা খালি বা বাতিল হলে তা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে দেওয়ার আশ্বাস দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করতে কাজ করছে সরকার। হজযাত্রীদের সেবার মান উন্নয়নে প্রশাসনিক তৎপরতা অব্যাহত থাকবে।

অতিরিক্ত কোটা অনুমোদন ও সহযোগিতার জন্য সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ধর্মমন্ত্রী।

উল্লেখ্য, গত বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছিলেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই দেশের হজ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: