মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬

৯ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুমতী সেতুর পশ্চিম পাশে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিনিধি, নড়াইল

প্রকাশিত: ১১:১৮, ২৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১১:১৯, ২৪ নভেম্বর ২০২৬

মধুমতী সেতুর পশ্চিম পাশে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নড়াইলের লোহাগড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় গোপালগঞ্জ ও নড়াইলের সীমান্তবর্তী মধুমতী সেতুর পশ্চিম পাশে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বিএনপির হাজারো নেতাকর্মী অংশ নেন। দুপুরের পর থেকে জেলা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। পরে দলীয় নেতাদের উপস্থিতিতে প্রতিবাদ সমাবেশ শুরু হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। লোহাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোন রসুল সিকদারের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ জাপল, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদূর রহমান পলাশ, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম এবং লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ।

এ ছাড়া উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইজাজুল হাসান বাবু ও টিপু সুলতান, লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপি এবং যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে মনিরুল ইসলাম বলেন, ‘নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য কোনোভাবেই বরদাশত করা হবে না। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। নড়াইল জেলা বিএনপি ঐক্যবদ্ধ।’

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মধুমতী সেতুর পশ্চিম পাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: