চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের কামরিয়া বিলে বদর উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে বিল পাহারা দিতে গিয়ে তিনি হত্যাকাণ্ডের শিকার হন।বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয়রা বিলের মাঠে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। নিহত বদর উদ্দিন সদর উপজেলার গহেরপুর মাঝেরপাড়ার মৃত শামসুদ্দিনের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১০টার দিকে গহেরপুর গ্রামের মাঠে কামরিয়া বিল পাহারা দিতে যান বদর উদ্দিন। রাতে পাহারারত অবস্থায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে বুধবার ভোরে স্থানীয়রা মাঠে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও স্বজনদের খবর দেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।


























