বুধবার ২৫ নভেম্বর ২০২৬

১০ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহাপিণ্ডদান অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত: ১৫:২৬, ২৫ নভেম্বর ২০২৬

বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহাপিণ্ডদান অনুষ্ঠান সম্পন্ন

সংগৃহীত ছবি

বান্দরবান জেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহাপিণ্ডদান অনুষ্ঠান আজ সম্পন্ন হয়েছে। এতে সাড়ে তিন শতাধিক বৌদ্ধ ভিক্ষু অংশ নেন। এই সময় ভিক্ষুদের পিণ্ডদান করতে শহরের বিভিন্ন সড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন শত শত পুণ্যার্থী।

বুধবার সকাল ৯টায় বান্দরবানের খ্যং ওয়াহ্ ক্যং রাজগুরু বৌদ্ধ বিহার থেকে বৌদ্ধ ভিক্ষুদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এই সময় ভিক্ষুরা পুণ্যার্থীদের কাছ থেকে পিণ্ড গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদান করেন বোমাং রাজা বোমাংগ্রী উচ প্রু,রাজপুত্র চহ্লাপ্রু জিমি, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মারমা,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং, পার্বত্য জেলা পরিষদের সদস্য লুসাই মং ও চনু মং মারমা এবং খ্যং ওয়াহ্ ক্যং রাজগুরু বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির জ্যেষ্ঠ সহ সভাপতি মং ক্য শোয়েনু নেভীসহ বিহারের দায়ক-দায়িকা ও বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ।

পিণ্ডদান অনুষ্ঠানে পুণ্যার্থীরা বৌদ্ধ ভিক্ষুদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নগদ অর্থ,চাল,ফলমূল,মিষ্টি, মোমবাতি ও আগরবাতিসহ বিভিন্ন উপকরণ দান করেন। এই সময় দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় প্রার্থনা করা হয়।

বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী, বিভিন্ন বিহারে মাসব্যাপী কঠিন চীবর দান উৎসব শেষে ভিক্ষুদের সম্মানে মহাপিণ্ডদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুণ্য লাভের আশায় শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষ নানা বয়সী মানুষ সড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভিক্ষুদের রান্না করা খাবার, ফলমূল ও মিষ্টান্ন দান করেন। এই উৎসব দেখতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার দর্শনার্থীরাও শহরে ভিড় করেন।

বৌদ্ধ ধর্মীয় রীতি অনুসারে, আষাঢ়ী পূর্ণিমা তিথি থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বৌদ্ধ ভিক্ষুরা বিহারে বর্ষাব্রত পালন করেন। এরপর মাসব্যাপী কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসব শেষে ভিক্ষুদের উদ্দেশ্যে মহাপিণ্ডদানের আয়োজন করা হয়।

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, গৌতম বুদ্ধ খালি পায়ে বিভিন্ন বৌদ্ধ পল্লীতে ঘুরে ঘুরে পিণ্ড বা খাবার সংগ্রহ করতেন। সেই ঐতিহ্য ও ধর্মীয় রীতির ধারাবাহিকতায় বান্দরবানের বৌদ্ধ ধর্মাবলম্বীরা যুগ যুগ ধরে মহাপিণ্ডদান উৎসব পালন করে আসছেন।

উল্লেখ্য, কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এই উপলক্ষে চরকা ঘুরিয়ে ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি, সেই সুতা রং করা এবং রাতের মধ্যে কাপড় বুনে চীবর (ভিক্ষুদের পরিধেয় বস্ত্র) তৈরি করা হয়। পরদিন সেই চীবর বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয়। এই ধর্মীয় আচারই কঠিন চীবর দান হিসেবে পরিচিত।

 

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: