বিশ্বসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার ও কবি উইলিয়াম শেক্সপিয়রের পরিবারের একটি শাখা একসময় পাড়ি দিয়েছিল ভারতে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে সেই পরিবারের সদস্যরা নিজেদের জড়িয়ে ফেলেছিলেন ভারতের প্রশাসন, কোম্পানির চাকরি এবং ব্রিটিশ-ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে। বাংলার ইতিহাসের সঙ্গেও জড়িয়ে রয়েছে শেক্সপিয়র পরিবারের এই শাখার নাম। অথচ বাঙালিদের অনেকের কাছেই এই ইতিহাস আজও অজানা।
উইলিয়াম শেক্সপিয়রের পিতামহ রিচার্ড এবং পিতামহী অ্যাবিগেলের পাঁচ সন্তান ছিলেন-হেনরিয়ে, অ্যানা, জন, টমাস এবং ম্যাথ্যু। তাঁদের মধ্যে জন শেক্সপিয়র ও তাঁর স্ত্রী মেরি ছিলেন বিশ্ববিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়রের বাবা-মা। অন্যদিকে, জনের ছোট ভাই ম্যাথ্যুর ছেলে টমাস এবং তাঁর বংশধররা পরবর্তীকালে ‘শ্যাডওয়েল শেক্সপিয়র’ নামে পরিচিত হন।
শেক্সপিয়র পরিবারের বংশপরম্পরায় একটি মজার বিষয় লক্ষ করা যায়। পরিবারের পুরুষ সদস্যদের নামকরণের ক্ষেত্রে যেন এক ধরনের রক্ষণশীলতা ছিল। জন, ম্যাথ্যু, উইলিয়াম এবং টমাস-এই কয়েকটি নামই ঘুরেফিরে এসেছে পরিবারের একাধিক প্রজন্মে।
নাট্যকার উইলিয়াম শেক্সপিয়রের ছোটকাকা ম্যাথ্যুর ছেলে টমাসের বংশধরদের মধ্যে অন্যতম ছিলেন জন শেক্সপিয়র (১৭৪৯-১৮২৫)। বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এই সম্পর্কের সূত্র ধরেই শেক্সপিয়র পরিবারের এই শাখার ভারত-যাত্রার ইতিহাস শুরু হয়। পলাশির যুদ্ধের প্রায় এক দশক পরে জন শেক্সপিয়র ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন ‘রাইটার’ বা কেরানি হিসেবে ভারতে আসেন। পরবর্তীকালে ১৭৭৮ সালে মাত্র ২৯ বছর বয়সে ঢাকায় কোম্পানির প্রতিনিধি হিসেবে নিযুক্ত হন তিনি।
কোম্পানির চাকরিসূত্রে ভারতে থাকাকালীন জন শেক্সপিয়রের সঙ্গে পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে উইলিয়াম মেকপিস থ্যাকারে সিনিয়রের। তিনি ছিলেন বিখ্যাত সাহিত্যিক উইলিয়াম মেকপিস থ্যাকারের পিতামহ। একই সময়ে মাদ্রাজ আর্মির রবার্ট লো-এর সঙ্গেও তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয়। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যক্তিগত বন্ধুত্ব পারিবারিক সম্পর্কেও পরিণত হয়। শেক্সপিয়র, থ্যাকার এবং লো পরিবারের মধ্যে বিবাহের মাধ্যমে আত্মীয়তার বন্ধন তৈরি হয়।
এই পারিবারিক সম্পর্কের একটি উল্লেখযোগ্য অধ্যায় ১৮০৩ সালের মার্চ মাসে। জন শেক্সপিয়রের ছেলে জন ট্যালবট শেক্সপিয়র বিবাহ করেন উইলিয়াম মেকপিস থ্যাকারে সিনিয়রের মেয়ে এমিলি থ্যাকারেকে। সাহিত্যিক উইলিয়াম মেকপিস থ্যাকারের সঙ্গে এমিলির সম্পর্ক ছিল পিসি-ভাইপোর। কলকাতার ঐতিহাসিক সেন্ট জন’স চার্চে সম্পন্ন হয় এই বিবাহ। বিয়ের সময় জন ট্যালবট শেক্সপিয়র বীরভূমের অ্যাসিস্ট্যান্ট কালেক্টর পদে কর্মরত ছিলেন।
জন ট্যালবট ও এমিলির সংসারে জন্ম হয় নয়টি সন্তানের। তাঁদের মধ্যে তিন পুত্র পরবর্তীকালে ব্রিটিশ-ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। অর্থাৎ, শেক্সপিয়র পরিবারের এই শাখার পরবর্তী প্রজন্মও ঔপনিবেশিক ভারতের প্রশাসনিক ও সামরিক ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে পড়েছিল।
বিশ্বসাহিত্যের ইতিহাসে যাঁর নাম চিরস্মরণীয়, সেই উইলিয়াম শেক্সপিয়রের বংশধরদের একটি শাখার সঙ্গে বাংলার এই নিবিড় সম্পর্ক নিঃসন্দেহে ইতিহাসের এক আকর্ষণীয় অধ্যায়। ঢাকায় কোম্পানির প্রতিনিধি হিসেবে জন শেক্সপিয়রের কর্মজীবন, কলকাতার সেন্ট জন’স চার্চে শেক্সপিয়র-থ্যাকার পরিবারের বৈবাহিক সম্পর্ক এবং পরবর্তী প্রজন্মের সামরিক জীবনের মধ্য দিয়ে ঔপনিবেশিক বাংলার সামাজিক ও প্রশাসনিক ইতিহাসের এক অন্য পরিচয় পাওয়া যায়।
আজও কলকাতার দক্ষিণ পার্ক স্ট্রিট গোরস্তানে সংরক্ষিত রয়েছে জন ট্যালবট শেক্সপিয়র ও তাঁর স্ত্রী এমিলি শেক্সপিয়রের সমাধি এবং স্মারক।


























