বুধবার ২৫ নভেম্বর ২০২৬

১০ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা

রানার প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৬, ২৫ নভেম্বর ২০২৬

যশোরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা

যশোরে অবসরপ্রাপ্ত সম্মিলিত সামরিক ক্লাবের আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের নতুন খয়েরতলা মোড়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজকেরা জানান, ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। এ কারণে বুধবার অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমানবাহিনী সমন্বিতভাবে মুক্তিযুদ্ধে অংশ নেয়। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের অবদান স্মরণীয় হয়ে থাকবে বলে তাঁরা উল্লেখ করেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ, বীর উত্তম ও বীর বিক্রমসহ সব শহীদের স্মরণে দোয়া করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়।

অবসরপ্রাপ্ত সম্মিলিত সামরিক ক্লাব যশোরের সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট বাবর আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শফিকুর রহমান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার রবিউল ইসলাম, সিপিও আবুল কালাম আজাদ, সংগঠনের সহসাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার শামীম আল পিকুল এবং সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত করপোরাল আশরাফুল আলম রনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিভিন্ন পদমর্যাদার অবসরপ্রাপ্ত সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: