পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা
পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। এটি আগের তুলনায় ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ বেশি। নতুন মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির বিষয়টি মাথায় রাখা হয়েছে। এছাড়া শিল্পের সক্ষমতা, অন্যান্য খাতের মজুরি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর মজুরি কাঠামোর বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের দীর্ঘ বৈঠক শেষে রাত ২টার দিকে ভোটের মাধ্যমে চতুর্থ গ্রেডের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়। আগামী ১ ডিসেম্বর থেকে এটি কার্যকর হওয়ার কথা রয়েছে।
বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা সোয়া ৩টায় এ সংক্রান্ত চতুর্থ দিনের অনুষ্ঠিত হয়। এতে নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব উপস্থিত ছিলেন। বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন মালিকপক্ষ থেকে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও অতিরিক্ত সিনিয়র সচিব নূর মোহাম্মদ আমিন এবং শ্রমিকপক্ষ থেকে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম।
তৈরি পোশাকশিল্পের জন্য গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের কথা জানানো হয়। ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়।
২৩ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় সভায় মালিকপক্ষ প্রথমে ১৫ হাজার টাকা এবং পরে সংশোধিত প্রস্তাবে ১৫ হাজার ৭০০ টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব করে। অন্যদিকে শ্রমিকপক্ষ তাদের ৩২ হাজার টাকার প্রস্তাব কমিয়ে ২২ হাজার টাকা করে। দীর্ঘ আলোচনা হলেও সেদিন দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়নি।
পরদিন ২৪ নভেম্বর আবার বৈঠকে বসে বোর্ড। কয়েক দফা দর-কষাকষির পর শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব কমিয়ে ১৮ হাজার ৫০০ টাকা নির্ধারণের দাবি জানায়। মালিকপক্ষও প্রস্তাব সংশোধন করে ১৭ হাজার টাকা পর্যন্ত রাজি হয়। এরপর কোনো পক্ষই আর ছাড় দিতে রাজি না থাকায় বোর্ড চেয়ারম্যান ভোটাভুটির সিদ্ধান্ত নেন। রাত ১টার পর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শেষ পর্যন্ত নিম্নতম মজুরি বোর্ডের ছয় সদস্যের ভোটে ১৭ হাজার টাকা নির্ধারিত হয়। চার সদস্য এ প্রস্তাবের পক্ষে ভোট দেন। শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ১৮ হাজার ৫০০ টাকার পক্ষে ভোট দেন।
মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, আলোচনার সময় তিনি কখনো মালিকপক্ষের সঙ্গে, কখনো শ্রমিকপক্ষের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন। দুই পক্ষের মধ্যে পৃথক আলোচনার সুযোগও তৈরি করা হয়। শিল্পাঞ্চলের ছোট, বড় ও মাঝারি কারখানা পরিদর্শনে পাওয়া তথ্য-উপাত্ত বোর্ডের আলোচনায় উপস্থাপন করা হয়েছে।
মজুরি নির্ধারণের বিষয়ে প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেন, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, শিল্পের সক্ষমতা, অন্যান্য খাতের মজুরি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর মজুরি কাঠামো বিবেচনায় ন্যায্য ও যৌক্তিক মজুরি নির্ধারণ করা প্রয়োজন।
বোর্ডের সিদ্ধান্তে দেখা যায়, প্রথম তিনটি গ্রেডের মজুরি নির্ধারণে মালিক ও শ্রমিকপক্ষ একমত হয়েছে। তবে সর্বনিম্ন গ্রেড বা চতুর্থ গ্রেডের মজুরি নিয়ে মতপার্থক্য থাকায় ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন কাঠামো অনুযায়ী, চতুর্থ গ্রেডে ন্যূনতম মজুরি ১৭ হাজার, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার এবং প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে আগের মজুরি কাঠামো ঘোষণা করা হয়েছিল, যা ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। তখন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছিল। এবার সর্বনিম্ন মজুরি বাড়ল ৩৬ শতাংশ।
মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, বোর্ডের সুপারিশ চূড়ান্ত করে গেজেট প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর হবে।


























