বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬

১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ডাকাত সন্দেহে পাঁচ যুবককে গণপিটুনি

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ২১:২১, ৩০ সেপ্টেম্বর ২০২৬

যশোরে ডাকাত সন্দেহে পাঁচ যুবককে গণপিটুনি

যশোরের বালিয়াডাঙা গ্রামে ডাকাত সন্দেহে পাঁচ যুবককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ আহত অবস্থায় তাঁদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তাঁদের সঙ্গে থাকা একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। তবে আটক ব্যক্তিরা কেন ওই এলাকায় এসেছিলেন, তা নিয়ে তাঁদের বক্তব্যে ভিন্নতা পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে একটি প্রাইভেটকার ও কয়েকটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক বালিয়াডাঙা এলাকায় প্রবেশ করেন। তাঁরা গ্রামের বিভিন্ন স্থানে ঘোরাফেরা ও তল্লাশি করছিলেন বলে স্থানীয়রা জানান। তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হলে ডাকাত আসার খবর ছড়িয়ে পড়ে। পরে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে আশপাশের দুই গ্রামের মানুষ রাস্তায় নেমে আসেন।

স্থানীয়রা বালিয়াডাঙা বিসিক এলাকা থেকে তাঁদের ধাওয়া করেন। একপর্যায়ে মান্দারতলায় প্রাইভেটকারটি ফেলে কয়েকজন বিভিন্ন দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে মালোপাড়া এলাকায় পাঁচজনকে আটক করেন স্থানীয়রা। তাঁদের মারধরের পর পুলিশে দেওয়া হয়। এ সময় একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ঝিকরগাছা উপজেলার বাইশা চাঁদপুর গ্রামের রাসেল, নাহিদ, নিরব, সুজন ও তানজিম। স্থানীয় কয়েকজনের দাবি, তাঁদের সঙ্গে একজন নারীও ছিলেন। তবে ওই নারীকে আটক করা সম্ভব হয়নি।

হাসপাতালে চিকিৎসাধীন আটক ব্যক্তিদের বক্তব্যেও ভিন্নতা পাওয়া গেছে। তাঁদের একজন দাবি করেন, এক আদম ব্যবসায়ীর কাছে পাওনা টাকা নিতে তাঁরা সেখানে গিয়েছিলেন। আরেকজন বলেন, তাঁদের একজনের স্ত্রীকে নিতে এলাকায় এসেছিলেন। অন্য একজন দাবি করেন, তিনি ঘটনাটি সম্পর্কে কিছুই জানেন না।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা ছিনতাইকারী চক্রের সদস্য হতে পারে। তবে ডাকাতির কোনো ঘটনার আলামত পাওয়া যায়নি। স্থানীয়রা তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।’

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: