রোববার ১৯ জুলাই ২০২৬

২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে বৈষম্যবিরোধী নেতা রাশেদ খানের বাড়িতে হামলা 

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১২:৪৮, ২৬ মে ২০২৬

আপডেট: ১৩:০১, ২৬ মে ২০২৬

যশোরে বৈষম্যবিরোধী নেতা রাশেদ খানের বাড়িতে হামলা 


রানার প্রতিবেদক
যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা কদমতলা মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী রাশেদ খানের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ সময় প্রতিবেশীরা তাদের প্রাচীর ও ব্যাবসাপ্রতিষ্ঠান ভেঙে দিয়েছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন রাশেদ খান। 
এদিকে, হামলার খবর পেয়ে মঙ্গলবার সকালে রাশেদের বাড়িতে যান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দেন ও দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রশাসনকে নির্দেশ দেন।
 এ ছাড়াও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতৃবৃন্দও রাশেদ খানের বাড়িতে গিয়ে হামলার ব্যাপারে খোঁজখবর ও সান্ত্বনা জানান। অভিযোগ সূত্রে জানা যায়, রাশেদ খানের বাড়ির পাশেই অভিযুক্তদের বসবাস। দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে পূর্ব শত্রুতা চলছে। এর ধারাবাহিকতায় ২৫ মে রাত ৯টা ১৫ মিনিটে প্রতিবেশী মনা, ইমন, জুলি খাতুন আরও কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র, ধারালো দা ও কুড়াল নিয়ে তাদের বাড়ির সংলগ্ন দোকানের সামনে এসে গালিগালাজ শুরু করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
রাশেদ খানের অভিযোগ, গালিগালাজে বাধা দিলে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে। একই সঙ্গে তার দোকান ও বসতবাড়ির প্রাচীর ভাঙচুর করে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়। একপর্যায়ে অভিযুক্তদের মধ্যে দুজন ধারালো কুড়াল দিয়ে হত্যার উদ্দেশ্যে তেড়ে আসে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
এ সময় তার চিৎকারে স্থানীয় কয়েকজনসহ আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে দাবি করা হয়েছে।
রাশেদ খান জানান, অভিযুক্তরা এখনও তাকে ও তার পরিবারকে নিয়মিত প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। এতে পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা তদন্ত শুরু করেছে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: