জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যশোর জেলা শাখার উদ্যোগে একটি বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় যশোরের বাদশা ফয়সাল স্কুল প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
অনুষ্ঠানে যশোর জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নুরুজ্জামানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল, যশোর জেলা যুগ্ম সমন্বয়কারী মনির আজাদ, সাজিদ সারোয়ার ও সালমা আক্তার আশা, যুবশক্তি যশোর জেলা শাখার আহ্বায়ক এমদাদ হোসেন, শ্রমিকশক্তির আহ্বায়ক মো. আলাউদ্দিন, মনিরামপুর উপজেলা সংগঠক মুন্না, সদর উপজেলা সংগঠক ফরহাদ হোসেন, নুরুন্নবী, আলী সোহেব, জয়া জাকির ও উম্মে সাদিয়াসহ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যুবশক্তি ও শ্রমিকশক্তির বিপুলসংখ্যক নারী-পুরুষ নেতাকর্মী।
এ সময় প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নুরুজ্জামান বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না।
তাঁদের আদর্শ বাস্তবায়নে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে এবং একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।”


























