বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬

২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে পুলিশের ‘রোবাস্ট’ অভিযান, ৩৫ মামলা

রানার প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০১, ১৬ জানুয়ারি ২০২৬

যশোরে পুলিশের ‘রোবাস্ট’ অভিযান, ৩৫ মামলা

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে যশোর শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একযোগে পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ‘ রোবাস্ট’ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। শুক্রবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা দুই ঘণ্টাব্যাপী এই অভিযানে সরাসরি নেতৃত্ব দেন- যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

শহরের চাঁচড়া চেকপোস্ট, মনিহার মোড়, চারখাম্বা মোড়, ধর্মতলা মোড় ও নিউমার্কেট- এই পাঁচটি পয়েন্টে একযোগে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। অভিযানে মোট এক হাজার ৪৭৫টি যানবাহন তল্লাশি করা হয়েছে। এ সময় ৩০টি মোটরসাইকেল জব্দ এবং ট্রাফিক আইন ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৩৫টি মামলা দায়ের করা হয়।

অভিযান চলাকালে মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই করা হয়। বিশেষ করে হেলমেটবিহীন চালক, হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী ও বেপরোয়া গতির মোটরসাইকেল আরোহীদের ওপর কঠোর নজরদারি করা হয়। এই তল্লাশিতে পুলিশ কিংবা সাংবাদিক-কাউকেই ছাড় দেওয়া হয়নি। সবার ক্ষেত্রেই সমানভাবে আইন প্রয়োগ করা হয়, যা অভিযানের নিরপেক্ষতা নিশ্চিত করেছে।

অভিযান শেষে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ‘আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যশোর জেলায় যাতে কোনো ধরনের অরাজকতা, সন্ত্রাস বা অপরাধমূলক কর্মকাণ্ড না ঘটে, সেই লক্ষ্যেই এই বিশেষ অভিযান। বিশেষ করে কিশোর গ্যাং ও তরুণ অপরাধীরা মোটরসাইকেল ব্যবহার করে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। তারা হাইড্রোলিক হর্ন ও অতিরিক্ত গতিতে শহরে আতঙ্ক সৃষ্টি করছে। এসব অপরাধ কঠোরভাবে দমন করা হবে।’ জেলার শান্তিশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
 

শেয়ার করুনঃ