বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬

২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গানে গানে ধানের শীষের প্রচারণা

দেয়াড়ায় গণসংযোগে অনিন্দ্য ইসলাম অমিত

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৬:৫৬, ৩১ জানুয়ারি ২০২৬

দেয়াড়ায় গণসংযোগে অনিন্দ্য ইসলাম অমিত

গানের ছন্দে ছন্দে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে ওঠে যশোরের দেয়াড়া ইউনিয়ন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে জনপ্রিয় শিল্পী সোহরাব মিয়া গানের মাধ্যমে প্রচারণা চালান।
শনিবার (—) দুপুরে দেয়াড়া ইউনিয়নে গণসংযোগের সূচনালগ্নে এড়েন্দা বাজারে আয়োজিত এক পথসভায় শিল্পী সোহরাব মিয়া তার গানের মাধ্যমে অনিন্দ্য ইসলাম অমিতের পাশাপাশি তার পিতা প্রয়াত তরিকুল ইসলামের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। একই সঙ্গে আগামী দিনে জনগণের কল্যাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্মপরিকল্পনাও গানের ভাষায় উপস্থাপন করেন তিনি।
অনিন্দ্য ইসলাম অমিতের আগমন উপলক্ষে আগে থেকেই এড়েন্দা গ্রামের রাস্তার দু’পাশে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ ফুল হাতে অপেক্ষা করতে থাকেন। প্রার্থী সেখানে পৌঁছালে ফুল ছিটিয়ে, মিছিল ও স্লোগানের মধ্য দিয়ে তাকে বরণ করে নেন তারা। এ সময় ধানের শীষের প্রতি অকুণ্ঠ সমর্থনও ব্যক্ত করেন উপস্থিত জনতা।
পথসভায় দেয়াড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
সভায় বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “বিএনপি জনগণের আস্থার প্রতিদান দেয় কাজের মাধ্যমে। অতীতে দেয়াড়া ইউনিয়নের মানুষ যতবার ধানের শীষে ভোট দিয়েছেন, ততবারই উন্নয়নের সুফল পেয়েছেন।” তিনি তার পিতা প্রয়াত তরিকুল ইসলামের অবদানের কথা স্মরণ করে বলেন, “এই ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাটের উন্নয়ন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া এবং ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ—সবই আমার পিতার হাত ধরেই হয়েছিল।”
তিনি আরও বলেন, “দীর্ঘদিন সংস্কারের অভাবে অনেক সড়ক এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। নির্বাচিত হলে নতুন করে এসব রাস্তাঘাট উন্নত ও চলাচলের উপযোগী করে তুলব।”
এদিন অনিন্দ্য ইসলাম অমিত দিনব্যাপী দেয়াড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ কর্মসূচি পালন করেন।

শেয়ার করুনঃ