যশোর-৩ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আগামী দিনে যশোরে কোনো মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী কিংবা চাঁদাবাজের ঠাঁই হবে না। যশোরকে একটি মুক্ত, নিরাপদ ও শান্ত পরিবেশে রূপান্তর করা হবে। অপরাধীদের একমাত্র ঠিকানা হবে কারাগার। এমনকি জনগণের সামান্য কষ্টের কারণ যদি আমার দলের কোনো শীর্ষ নেতাও হন, তাহলেও তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার সদর উপজেলার নতুনহাট বাজারে অনুষ্ঠিত এক পথসভায় এসব কথা বলেন তিনি। অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমানে যারা বিএনপির প্রতিপক্ষ হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে, অতীতে তাদের রাষ্ট্র পরিচালনার কোনো বাস্তব অভিজ্ঞতা নেই। সে কারণে জনগণের কল্যাণে তাদের কোনো সুস্পষ্ট কর্মপরিকল্পনাও নেই। বরং তারা ধর্মের নামে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তবে সচেতন জনগণই এসব ধর্মের অপব্যাখ্যাকারীদের প্রতিহত করবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ধানের শীষে ভোট দিলে যশোরের মতো সারাদেশেই শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে এবং মানুষ প্রকৃত উন্নয়ন অনুভব করবে। অতীতে বিএনপি বারবার প্রমাণ করেছে যে তারা উন্নয়ন ও জনকল্যাণে আন্তরিক। এ কারণেই আজ জনগণ ভোটাধিকার প্রয়োগের জন্য উদগ্রীব। অতীতে যতবার মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ততবারই নিজেদের প্রয়োজন ও প্রত্যাশা থেকে ধানের শীষের প্রতি আস্থা রেখেছে এবং বিএনপি সরকার গঠন করে সেই আস্থার প্রতিদান দিয়েছে।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপির ঘোষিত নির্বাচনী ইশতেহার কোনো সাধারণ ঘোষণা নয়; এটি জনগণের সঙ্গে একটি অঙ্গীকার ও চুক্তি। বিএনপি সরকার গঠন করলে এই চুক্তি বাস্তবায়ন করা হবে বাধ্যতামূলকভাবে। বর্তমানে দেশে যে অস্থিরতা বিরাজ করছে, তা দূর করে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিএনপি সামাজিক সুরক্ষা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করবে।
এর আগে তিনি পুলেরহাট বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এ সময় তিনি বাজারের ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। গণসংযোগকালে স্থানীয়রা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেন।


























