ছয় সদস্য পরিবারের জীবিকার একমাত্র অবলম্বন ছিল চায়ের দোকানটি। মঙ্গলবার ভোর রাতে সেই দোকানটিই পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এখন পরিবার নিয়ে চরম বিপাকে পড়েছেন ভুক্তভোগী ইয়াহিয়া হেসেন।
কোটচাঁদপুরের বড়বামনদহ গ্রামের স্কুল সংলগ্ন ছিল ইয়াহিয়া হেসেনের চায়ের দোকান। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে বেচা-কেনা করে বাড়িতে যান। ভোর রাতে দোকানে আগুন লাগার খবর পান তিনি। এ সময় স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে ছাই হয়ে যায় ওই পরিবারের জীবিকার একমাত অবলম্বন চায়ের দোকানটি। ভুক্তভোগী ইয়াহিয়া হেসেন বলেন,আমার কারোর সঙ্গে তেমন কোন বিরোধ নাই। তারপরও কেন ও কি কারণে আমার দোকানে আগুন লাগিয়ে দিল,আমি বুঝতে পারছি না।
তিনি বলেন, ছেলে মেয়ে স্ত্রী নিয়ে ৬ সদসের সংসার আমার। আর তাদের মুখের খাবার জুটত ওই দোকান থেকে। যা গত রাতে পুড়িয়ে দিয়েছেন দুর্বৃত্তরা। এখন পরিবার নিয়ে আমি চরম বিপাকে আছি।


























