বরিশাল জেলার উজিরপুর উপজেলায় একটি ভোটকেন্দ্র থেকে অনুমতি ছাড়া বের হওয়ার অভিযোগে দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের।স্থানীয়দের ভাষ্য, কেন্দ্রটির সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন মো. ওবায়েদুল ও আয়েশা নামের দুই শিক্ষক। বুধবার রাত সাড়ে ১০টার দিকে তারা প্রিসাইডিং কর্মকর্তাকে অবহিত না করে কেন্দ্র ত্যাগ করেন।
স্থানীয়দের অভিযোগ, ওই দুই কর্মকর্তা উপজেলা জামায়াতের আমিরের বাসায় গিয়ে বৈঠক করেন। বাসা থেকে বের হওয়ার পর তাদের আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজাকে খবর দেওয়া হয়। অভিযোগ পাওয়ার পর তিনি দুজনকে বরখাস্ত করে নতুন দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ দেন।
তবে অভিযুক্ত দুই কর্মকর্তা জামায়াতের উপজেলা আমিরের বাসায় বৈঠকের অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, তারা খাবার খেতে বাইরে গিয়েছিলেন এবং তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই তাদের বরখাস্ত করে নতুন দুইজনকে নিয়োগ দেওয়া হয়েছে।’ তিনি জানান, কেন্দ্রে দায়িত্ব গ্রহণের পর প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া কেন্দ্র ত্যাগের বিধান নেই।


























