বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নগদ ১ লাখ ২ হাজার টাকা ও ধানের শীষ প্রতীকের নির্বাচনী স্লিপসহ দুই ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে ওই দুই ব্যক্তিকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ১ লাখ ২ হাজার টাকাসহ ওই দুই ব্যক্তিকে বুধবার দুপুরে সেনাবাহিনীর সদস্যরা আটক করার সময় তাঁদের কাছে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের বিএনপির প্রার্থী জয়নুল আবেদীনের ধানের শীষ প্রতীকের বেশ কিছু ভোটার স্লিপ পাওয়া যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন নাহার তামান্না বলেন, বাবুগঞ্জ উপজেলার পাংশা এলাকায় ধানের শীষ প্রতীকের ভোটার স্লিপসহ হুমায়ুন গাজী ও এনায়েত কাজীকে ১ লাখ ২ হাজার টাকাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হুমায়ুন গাজীকে ১০ হাজার টাকা এবং এনায়েত কাজীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাঁদের কাছ থেকে উদ্ধার করা ১ লাখ ২ হাজার টাকা জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা দাবি করেছেন, তাঁরা ব্যবসায়িক কাজে ওই টাকা বহন করছিলেন।
এর আগে বুধবার দুপুরে সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বাচনকালীন নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে বাবুগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই দুই মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়। তল্লাশির সময় তাঁদের কাছ থেকে ১ লাখ ২ হাজার টাকা ও নির্বাচনসংক্রান্ত স্লিপ উদ্ধার করা হয় বলে সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


























