ধর্ষণের প্রতিটি ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সম্প্রতি সারাদেশে ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় এই কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা নারীরা। রোববার বেলা সাড়ে ১০টায় সরকারি মাইকেল মধুসূদন কলেজে কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে এই কর্মসূচি পালিত হয়।
ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে অংশ নেন, জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয় কমিটির যুগ্ম-সমন্বয়কারী আশা লতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন সমন্বয়ক ও যশোর আইন কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফাতেমা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী ফাতেমা জিনা ও ছাত্র ইউনিয়ন কর্মী রাহুল।


























