রোববার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের যশোর জেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি : দৈনিক রানার
ইরানে ইসরাইল ও আমেরিকার আগ্রাসনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (০১ মার্চ) দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের যশোর জেলা শাখার এ কর্মসূচি পালন করে। এতে সংগঠনটির প্রায় অর্ধশত নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে সংগঠনটির যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক তসলিমুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য ইকবাল কবির জাহিদ, জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জিল্লুর রহমান ভিটু, জাতীয় শ্রমিক ফেডারেশন-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজিম উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফেসর ইসরারুল হক, নারী নেত্রী মনোয়ারা সিদ্দিকী ছবিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইরানের স্কুলশিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর ইসরাইল ও আমেরিকার বর্বরোচিত হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন। তারা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে আগ্রাসন বন্ধের দাবি জানান।
বক্তারা আরও বলেন, বিশ্ব শান্তি ও মানবতার স্বার্থে এ ধরনের হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা নিতে হবে।তারা জাতিসংঘ-এর প্রতি কূটনৈতিক উদ্যোগ গ্রহণ ও ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। একই সঙ্গে আমেরিকা ইরানের খনিজ সম্পদ দখলের উদ্দেশ্যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করেছে বলেও তারা অভিযোগ করেন। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।


























