যশোর শহরে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনাকারী এক দোকান মালিককে বেআইনিভাবে উচ্ছেদের চেষ্টা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে বাড়িওয়ালার বিরুদ্ধে। এ বিষয়ে মঙ্গলবার সকালে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন ভুক্তভোগী কুদ্দুস।
লিখিত বক্তব্যে তিনি জানান, ১৯৯৫ সালের ১ মার্চ এ.এম.এফ রহমান খোকার কাছ থেকে যশোর শহরের চৌরাস্তায় অবস্থিত একটি নির্মাণাধীন ভবনের নিচতলার দুটি দোকানঘর ৩ লাখ ১৫ হাজার টাকায় কিনেছেন। পরবর্তীতে ২০০৭ সালে ভবনটি এ.কে.এম খয়রাত হোসেনের কাছে বিক্রি হলে তাকে নতুন করে চুক্তিতে বাধ্য এবং ভয়ভীতি দেখানো হয়।
তিনি অভিযোগ করেন, নতুন মালিক রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে দোকান ছাড়তে বিভিন্ন সময় হুমকি-ধামকি দিচ্ছেন। পূর্বের চুক্তিপত্র ফেরত চাওয়া, ভাড়া গ্রহণে গড়িমসি, রশিদ না দেওয়া এবং ডিফল্ডার বানানোর চেষ্টাও চালানো হয়। পরে আইনজীবীর পরামর্শে তিনি ডাকযোগে ভাড়া পরিশোধ করেন।


























