বুধবার ১৮ মার্চ ২০২৬

২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

যশোরের প্রবীণ রাজনীতি মাস্টার  নূর জালালের পরলোকগমন

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৭:৩৪, ১৭ মার্চ ২০২৬

আপডেট: ১৭:৩৬, ১৭ মার্চ ২০২৬

যশোরের প্রবীণ রাজনীতি মাস্টার  নূর জালালের পরলোকগমন

যশোরের প্রবীণ রাজনীতিক ও সামাজিক ব্যক্তিত্ব মাস্টার নূর জালাল আর নেই। সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে। বর্ষীয়ান এই রাজনীতিক দীর্ঘদিন ন্যাপ (মোজাফ্ফর) যশোর জেলা কমিটির সভাপতির দায়িত্ব দীর্ঘদিন পালন করেন। তিনি যশোর পৌরসভার নির্বাচিত সদস্য ছিলেন এবং এই অঞ্চলের বাম রাজনীতির একজন বলিষ্ঠ নেতা হিসেবে পরিচিত ছিলেন।


পারিবারিক সূত্র জানায়, মাস্টার নূর জালাল বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। সর্বশেষ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি যশোর ইবনে সিনা হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত সোয়া দু’টার দিকে তিনি শেষ নিঃশ^াস করেন। তাঁর মৃত্যুর খবর শুনে মঙ্গলবার সকালে তার বাসভবনে ছুটে যান বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। মঙ্গলবার (১৭ মার্চ) জোহরের নামাজের পর যশোর শহরের বিমান অফিস জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে কারবালা কবরস্থানে দাফন করা হয়। 


মাস্টার নূর জালাল মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে কারাভোগ করেন। মাস্টার নূর জালাল তার জীবনের দীর্ঘ সময় মুসলিম একাডেমি স্কুলে শিক্ষকতা করেছেন। তিনি শিক্ষক সমিতির যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী এই নেতা ১৯৭১ সালের পূর্বে কৃষক সমিতির সঙ্গে গ্রামে সংগঠন গড়ে তোলেন এবং মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
শিক্ষকতা থেকে অবসর গ্রহণের পর তিনি ঠিকাদারি ব্যবসা শুরু করেন। এছাড়া তিনি ন্যাপ (মোজাফ্ফর) যশোর জেলা কমিটির সভাপতির দায়িত্ব দীর্ঘদিন পালন করেন। যশোর শহরের নাগরিক সমস্যার সমাধান ও উন্নয়নের জন্য তিনি পৌর নাগরিক আন্দোলন কমিটি গঠন করে অসংখ্য সফল আন্দোলন পরিচালনা করেন। এছাড়াও বিমানবন্দর সড়ক সার্বিক উন্নয়ন কমিটির সভাপতি ছিলেন তিনি। তিনি জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলা কমিটির কোষাধ্যক্ষ শফিকুর জালাল নান্নুর বড় ভাই।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: