রোববার ১৯ জুলাই ২০২৬

৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে অভয়ারণে ‘বনবিভাগে’র গুলিতে জেলে নিহত

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

প্রকাশিত: ১৬:২৭, ১৮ মে ২০২৬

সুন্দরবনে অভয়ারণে ‘বনবিভাগে’র গুলিতে জেলে নিহত

সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় কাঁকড়া আহরণের সময় আমিনুর রহমান গাজী (৪৫) নামে এক জেলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। জেলেদের অভিযোগ, বনবিভাগের সদস্যদের গুলিতে নিহত হয়েছেন তিনি। নিহত ওই জেলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের মৃত আকছেদ গাজীর ছেলে। সোমবার সকাল ৭টার দিকে সুন্দরবনের খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের পাটকোস্টা হেলাবাসী অভয়ারণ্য এলাকায় এ ঘটনা ঘটে। দুপুর দেড়টার দিতে আমিনুরের মরদেহ নিয়ে লোকালয়ে ফিরেছেন তার সহকর্মীরা।


আমিনুরের সহকর্মী আহাম্মাদ আলী, সেলিম ও রমজানের বরাত দিয়ে স্থানীয়রা জানান,  চার জেলে গত ১৩ মে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাস নিয়ে কাঁকড়া আহরণে সুন্দরবনে প্রবেশ করেন। এদিন সকাল ৭টার দিকে খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের পাটকোস্টা এলাকায় কাকড়া আহরণের সময় বনবিভাগের স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা তাদের দাঁড়ানোর সংকেত দেয়। কিন্তু নির্দেশনা মানতে গড়িমসি করায় নলিয়ান স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক তাদের দিয়ে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আমিনুর রহমান গাজী গুলিবিদ্ধ হন। পরে তার মৃত্যু হয়।


বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, এ বিষয়ে তাদেরকে এখনো কেউ কিছু জানায়নি।
গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলম জানান, বনবিভাগের সদস্যদের গুলিতে আমিনুরের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি ইউএনও ও ডিএফওকে জানানো হয়েছে। মরদেহ নিয়ে পরিবারটি এখন কি করবে, তা নিয়ে প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় আছে।


এদিকে, বনবিভাগের সদস্যদের গুলিতে আমিনুর রহমান গাজীর মৃত্যুর ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। বিক্ষুব্ধ জেলে ও স্থানীয় বাসিন্দারা বনবিভাগের অফিস ঘেরাও এর ঘোষণা দিয়েছে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: