মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬

২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সেই ভূমি কর্মকর্তা নজরুলকে অব্যাহতি, রক্ষা পেল সরকারি সম্পত্তি

রানার প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৫, ১১ আগস্ট ২০২৬

আপডেট: ১৪:১১, ১১ আগস্ট ২০২৬

সেই ভূমি কর্মকর্তা নজরুলকে অব্যাহতি, রক্ষা পেল সরকারি সম্পত্তি

ঘুরেফিরে একই অফিসে ২১ বছর দায়িত্ব পালনের সুযোগে ঘুষ, দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়া, প্রভাব বিস্তার এবং সরকারি সম্পত্তি ব্যক্তিমালিকানায় নামজারি করে দেওয়ার অভিযোগ ওঠা কেশবপুরের সাতবাড়িয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নজরুল ইসলামকে অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ৯ আগস্ট যশোর জেলা প্রশাসনের রাজস্ব শাখা থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। এডিসি (রাজস্ব) কমলেশ মজুমদার স্বাক্ষরিত আদেশে নজরুল ইসলামকে সাতবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।


এর আগে কেশবপুরের সাতবাড়িয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নজরুল ইসলামের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে গত ১২ জুলাই দৈনিক রানারে ‘ভূমি কর্মকর্তা নজরুলের ‘জমিদারি’ দাপট!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনে একই এলাকায় দীর্ঘদিন দায়িত্ব পালনের সুযোগে তাঁর প্রভাব বিস্তারের অভিযোগ তুলে ধরা হয়।


প্রতিবেদনটির অন্যতম বিষয় ছিল ‘ক’ তফসিলভুক্ত সরকারি সম্পত্তি ঘুষের বিনিময়ে ব্যক্তিমালিকানায় নামজারি করে দেওয়ার অভিযোগ। সংবাদ প্রকাশের পর ওই নামজারি নিয়ে প্রশাসনিকভাবে নতুন করে পদক্ষেপ নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দৈনিক রানারে সংবাদ প্রকাশের পর ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম দাবি করেন, ভুলবশত তিনি ওই নামজারির পক্ষে প্রতিবেদন দিয়েছিলেন। এরপর নামজারিটি বাতিলের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে তিনি প্রস্তাব দাখিল করেন। এর পরিপ্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওই নামজারি খারিজ করে দেন। ফলে ব্যক্তিমালিকানায় নামজারি হয়ে যাওয়া ‘ক’ তফসিলভুক্ত সরকারি সম্পত্তি আবারও সরকারি খতিয়ানে ফিরে আসে।


রানারের প্রতিবেদনের পর সরকারি সম্পত্তির নামজারি বাতিল হয়ে সরকারি খতিয়ানে ফিরে এসেছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তা নজরুল ইসলামকে সাতবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: