বাগেরহাটে ছোট ভাইয়ের মৃত্যুর ১৮ ঘণ্টা পর বড় ভাইয়ের প্রয়াণ
বাগেরহাটের শরণখোলা উপজেলায় ১৮ ঘণ্টার ব্যবধানে দুই প্রবীণ ভাইয়ের মৃত্যু হয়েছে। উপজেলার গোলবুনিয়া গ্রামের তালুকদার বাড়িতে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
মৃত দুই ভাই হলেন ওই গ্রামের প্রয়াত নজর আলী তালুকদারের ছেলে আব্দুল হাকিম তালুকদার (৮০) এবং তার বড় ভাই আব্দুল আজিজ তালুকদার (৮২)।
স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক ফরাজী জানান, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে নিজ বাসভবনে ছোট ভাই আব্দুল হাকিম তালুকদার শেষনিঃশ্বাস ত্যাগ করেন। পরের দিন শুক্রবার দুপুরে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।
ছোট ভাইয়ের দাফন সম্পন্ন হওয়ার কিছুক্ষণ পরই, অর্থাৎ ছোট ভাইয়ের মৃত্যুর প্রায় ১৮ ঘণ্টার ব্যবধানে আকস্মিকভাবে মারা যান বড় ভাই আব্দুল আজিজ তালুকদার।
আব্দুল আজিজ তালুকদারের ছেলে নুরুজ্জামান তালুকদার জানান, শুক্রবার রাতে দাফন সম্ভব না হওয়ায় শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদের সামনে বাবার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


























