৯৯৯-এ ফোন: মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা
নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ৯৯৯-এ কল করেছেন ভুক্তভোগী বাবা-মা। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জরুরি সেবার মাধ্যমে খবর পেয়ে পুলিশ সাইফুল ইসলাম নামের এক যুবককে আটক করে।
সাইফুল সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের শ্যামেরগাঁও গ্রামের আবুল বশরের ছেলে। মাদকের টাকার জন্য মা-বাবাকে নিয়মিত নির্যাতনের অভিযোগ ছিল তার বিরুদ্ধে।
আটকের পর সাইফুলকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানার আদেশ দেন।
ইউএনও মো. এরফানুল হক চৌধুরী জানিয়েছেন, দণ্ডাদেশের পরপরই সাইফুলকে সেনবাগ থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে এমন অভিযান চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেন।


























