শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চার ডিজিটাল ব্যাংক অনুমোদনের সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের

​​​​​​​ঢাকা অফিস

প্রকাশিত: ২০:২৪, ২৪ সেপ্টেম্বর ২০২৬

চার ডিজিটাল ব্যাংক অনুমোদনের সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের

দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রস্তাবিত ব্যাংকগুলোকে লেটার অব ইনটেন্ট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায়।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর মোস্তাকুর রহমান।

এলওআই পাওয়ার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত চারটি প্রতিষ্ঠান হলো—বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি ডিজিটাল ব্যাংক, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য মোট ১২টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। এসব আবেদনের যাচাই-বাছাই শেষে চারটি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে এলওআই দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আবেদনকারী ১২টি প্রতিষ্ঠান হলো—ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক পিএলসি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে, আমার ডিজিটাল ব্যাংক-২২ এমএফআই, ৩৬ ডিজিটাল ব্যাংক পিএলসি, বুস্ট-রবি, আমার ব্যাংক, অ্যাপ ব্যাংক-ফার্মারস, নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার, মৈত্রী ডিজিটাল ব্যাংক পিএলসি, উপকারী ডিজিটাল ব্যাংক, মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক-আকিজ এবং বিকাশ ডিজিটাল ব্যাংক।

ডিজিটাল ব্যাংকের মূল লক্ষ্য হলো প্রচলিত শাখাভিত্তিক ব্যাংকিংয়ের বাইরে প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা দেওয়া। এর মাধ্যমে শাখায় সরাসরি উপস্থিত না হয়েও হিসাব খোলা, অর্থ লেনদেনসহ বিভিন্ন ব্যাংকিং সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে দেওয়ার সুযোগ থাকবে।

বাংলাদেশ ব্যাংক ২০২৩ সালে ডিজিটাল ব্যাংকের জন্য আলাদা নীতিমালা প্রণয়ন করে। ওই বছরের অক্টোবরে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি ও কড়ি ডিজিটাল ব্যাংক পিএলসিকে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

তবে পরবর্তী সময়ে প্রতিষ্ঠান দুটির লাইসেন্স স্থগিত করা হয়। এরপর ডিজিটাল ব্যাংক নিয়ে নতুন করে আবেদন ও যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়। গত ১৯ সেপ্টেম্বর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও জানিয়েছিলেন, দেশে শিগগিরই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া এগোচ্ছে।

নতুন করে চারটি প্রতিষ্ঠানকে এলওআই দেওয়ার সিদ্ধান্তের ফলে দেশে ডিজিটাল ব্যাংকিং চালুর প্রক্রিয়া আবারও এগিয়ে গেল। তবে এলওআই পাওয়া চূড়ান্ত ব্যাংকিং লাইসেন্স পাওয়ার সমতুল্য নয়; পরবর্তী নিয়ন্ত্রকীয় শর্ত পূরণ সাপেক্ষে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: