অক্টোবরের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ২২ নভেম্বর পর্যন্ত
ই-ভ্যাট সিস্টেমে প্রযুক্তিগত সমস্যার কারণে অক্টোবর মাসের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। করদাতারা আগামী ২২ নভেম্বর পর্যন্ত কোনো প্রকার সুদ বা জরিমানা ছাড়াই এই রিটার্ন জমা দিতে পারবেন।
সোমবার (১৬ নভেম্বর) এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিশেষ আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
আদেশে বলা হয়, গত ১৫ নভেম্বর ই-ভ্যাট প্ল্যাটফর্মে একই সময়ে বিপুলসংখ্যক করদাতা প্রবেশ করায় সার্ভারে সমস্যা দেখা দেয়। এতে নির্ধারিত সময়ের মধ্যে অক্টোবর ২০২৬ কর মেয়াদের অনলাইন রিটার্ন দাখিল কার্যক্রম ব্যাহত হয়।
এমতাবস্থায় জনস্বার্থ বিবেচনায় এনবিআর সময় বাড়ানোর এ সিদ্ধান্ত নিয়েছে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (২)-এ প্রদত্ত ক্ষমতাবলে রিটার্ন জমার এ মেয়া বাড়ানো হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন অনলাইনে দাখিল করা যাবে। নির্ধারিত এই সময়ের মধ্যে রিটার্ন দিলে কোনো সুদ কিংবা জরিমানা আরোপ করা হবে না।
এনবিআরের জারি করা এই আদেশের অনুলিপি ইতিমধ্যে সংশ্লিষ্ট সদস্য, প্রথম সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।


























