সোমবার ২৩ নভেম্বর ২০২৬

৮ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নগর উন্নয়ন প্রকল্পে ৯৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

রানার ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৪, ১৬ নভেম্বর ২০২৬

নগর উন্নয়ন প্রকল্পে ৯৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

নগর উন্নয়ন প্রকল্পে ৯৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশের নগর এলাকার উন্নয়নে চলমান একটি প্রকল্পে অতিরিক্ত ৯৫ কোটি মার্কিন ডলার অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংক। 'রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট' (আরইউটিডিপি) শীর্ষক এ প্রকল্পের কাজ ২০৩০ সালের জুনের মধ্যে শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানবিষয়ক বিভাগীয় পরিচালক জ্যঁ পেসম রোববার (১৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে নিজ নিজ পক্ষের হয়ে এ ঋণ চুক্তিতে সই করেন।

ইআরডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ প্রকল্পের প্রারম্ভিক বরাদ্দ ছিল ৪০ কোটি ডলার। তবে জরুরি পরিস্থিতি সামাল দিতে মূল তহবিল থেকে ৯ কোটি ৫০ লাখ ডলার জরুরি স্থানান্তর খাত সিইআরসিতে নেওয়া হয়েছিল। নতুন অর্থায়নের ফলে সৃষ্ট ঘাটতি পূরণ হবে এবং প্রকল্প প্রস্তাব অনুযায়ী কাজ সম্পন্ন করা সম্ভব হবে।

স্থানীয় সরকার বিভাগের অধীনে থাকা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০২৫ সাল থেকে প্রকল্পটি বাস্তবায়ন করে আসছে। শহরে নাগরিক সেবার উন্নয়ন, পৌর প্রশাসনে সুশাসন প্রতিষ্ঠা ও আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালী করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।

এ ছাড়া পৌরসভা ও সিটি করপোরেশনগুলোর নিজস্ব রাজস্ব বাড়ানো, ক্রয় কার্যক্রম, পরিকল্পনা প্রণয়ন এবং প্রকল্প বাস্তবায়নের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেও কাজ করছে এই প্রকল্প।

অতিরিক্ত ঋণের ৯ কোটি ২০ লাখ ডলার পাওয়া যাবে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) 'স্কেল-আপ উইন্ডো-শর্টার ম্যাচিউরিটি লোন' থেকে। এই অংশে কোনো সুদ বা কমিশন দিতে হবে না এবং ৬ বছরের গ্রেস পিরিয়ডসহ ১২ বছরে অর্থ শোধ করতে হবে।

বাকি ৩০ লাখ ডলার পাওয়া যাবে বিশ্বব্যাংকের পারফরম্যান্স-বেজড অ্যালোকেশন থেকে, যেখানে সুদের হার নির্ধারিত হয়েছে ১.৫ শতাংশ। ৫ বছরের গ্রেস পিরিয়ড ধরে এটি ২৫ বছরে পরিশোধযোগ্য।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: